কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধে নূরে আনিতা আজাদ (৬) নামে এক শিশু খুন হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার খালা নাইমা সুলতানা বীথি (১০)।
৫ জুলাই রোববার সকালে উপজেলার সাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নূরে আনিতা আজাদ উপজেলার বীরপাইকশা গ্রামের মো. আলমগীরের মেয়ে। আহত নাইমা গলাচিপা গ্রামের উসমান মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে নূরুল ইসলামের সঙ্গে তার বংশের সিরাজুল ইসলামের বিরোধ রয়েছে। রোববার সকালে গলাচিপা বাজারে এ নিয়ে সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বাড়িতে উভয়পক্ষের মধ্যে ঝগড়া বেধে যায়।
এক পর্যায়ে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আনিতা ও তার খালা বীথি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আনিতাকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত বীথিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।