কিশোরগঞ্জে অনেকদিন পর মাত্র ৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন নতুন ৬০ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল হাসপাতাল ল্যাব থেকে ৪ জুলাই শনিবার রাতে পাওয়া ১৮৭টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ভৈরবে ৩ জন, কটিয়াদীতে ২ জন এবং পাকুন্দিয়া ও বাজিতপুরে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছেন। নেগেটিভ হয়েছে ১৮০টি নমুনা। এদিন সুস্থ হওয়া ৬০ জনের মধ্যে আছেন সদর উপজেলায় ৩২ জন, ভৈরবে ১৭ জন, কটিয়াদীতে ৬ জন, বাজিতপুরে ৪ জন ও নিকলীতে একজন। জেলায় শনিবার পর্যন্ত মোট এক হাজার ৬১৭ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেও শনিবার চিকিৎসাধীন রোগি ছিলেন ৩৯৭ জন। বাকিদের মধ্যে ২৪ জন মারা গেছেন, আর এক হাজার ১৯৬ জন সুস্থ হয়ে গেছেন।