‘পুলিশ জনগণের বন্ধু’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের আইন শৃংখলার উন্নয়ন ও সামাজিক শৃংখলা বিধানে জেলাব্যাপী শুরু হয়েছে ‘বিট পুলিশিং’ কার্যক্রম। এখন আর দূরবর্তী কোন প্রত্যন্ত গ্রামের মানুষকে কোন সমস্যা নিয়ে থানায় ছুটতে হবে না। নিজ ইউনিয়নে হাতের কাছেই পাবেন পুলিশিং সেবা।
জেলা পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, সকল থানা এলাকায় অপরাধ কমানো ও পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্যই চালু করা হয়েছে বিট পুলিশিং ব্যবস্থা। এই ব্যবস্থায় কোন একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট সংখ্যক পুলিশ সদস্যরা স্থায়ীভবে দায়িত্ব পালন করবেন। প্রত্যেক থানাধীন একেকটি ইউনিয়নকে একেকটি বিট ধরা হয়েছে। এভাবে কিশোরগঞ্জ জেলাকে ১৩৩টি বিটে ভাগ করা হয়েছে। এর মধ্যে পৌরসভা পর্যায়ে বিট করা হয়েছে ২৫টি, আর ইউনিয়ন পর্যায়ে করা হয়েছে ১০৮টি। থাকবে বিট কার্যালয়। প্রত্যেক বিটে ৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে একজন এসআই থাকবেন বিট অফিসার, একজন এএসআই থাকবেন সহকারী বিট অফিসার, আর তিনজন থাকবেন কনস্টেবল। এরা যার যার বিট এলাকার মানুষের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করবেন। এলাকার আইন শৃংখরার পাশাপাশি অপরাপর সমস্যা সমাধানে প্রভাবকের ভূমিকা পালন করবেন।
প্রাথমিকভাবে ৫টি লক্ষ্য স্থির করে বিটগুলো কাজ করবে। এগুলি হলো মাদক নির্মূল, ছিনতাই প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা। জনগণের সঙ্গে তথ্য আদান প্রদান করে সমাজ থেকে সকল প্রকার অপরাধ দূর করতে ভূমিকা রাখবে বিট পুলিশিং ব্যবস্থা। এক পর্যায়ে প্রত্যেক বিটে একটি নির্দিষ্ট নম্বর সংবলিত মোবাইল ফোনও থাকবে, যেন জনগণ সহজেই বিট পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন, সমস্যার কথা জানাতে পারেন এবং প্রয়োজনীয় তথ্য দিতে পারেন।