কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে একদিনের ব্যবধানেই তার জ্বরের উপসর্গ থেমেছে। মাহমুদ পারভেজ গত বুধবার জ্বর অনুভব করলে বৃহস্পতিবার স্ত্রী নাসরীন সুলতানা ঝুমাসহ তিনি নমুনা দেন। ৩ জুলাই শুক্রবার পরীক্ষায় তার পজিটিভ ধরা পড়লেও স্ত্রীর নামুনা নেগেটিভ আসে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের পরামর্শে মেয়র নিজ বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে শুক্রবার তার জ্বর থেমে গেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গত মঙ্গলবারও তিনি জেলার অনলাইন ডিজিটাল মেলার সেমিনারে জুমে সংযুক্ত হয়ে বক্তব্য দিয়েছিলেন। মেয়র হিসেবে তিনি কোরানায় কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, পৌরসভার যাবতীয় কার্যক্রম ও করোনা সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানসহ মাঠে সবসময়ই দৃশ্যমান ও সক্রিয় ছিলেন।