ভৈরব পৌর এলাকায় অযথা ঘুরাফেরা করার দায়ে ৩৪ জন পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। ২ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপি পৌর শহরের বঙ্গবন্ধু সরণি, গাছতলা ঘাট ও ভৈরব বাজার এলাকায় একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পথচারীদের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে প্রচারণা ও মাস্ক বিতরণসহ জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এজন্য শহরের পথচারীদের করোনা প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক পড়তে সচেতন করা হচ্ছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্যার এর নির্দেশনায় মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এসময় তিনি আরো বলেন, মাস্ক না পরে অপ্রয়োজনীয় ঘুরাফেরা করায় ৩৪ জন পথচারীকে ১৬ হাজার পঞ্চাশ টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
