কিশোরগঞ্জের হোসেনপুরে গরিব লোকজনকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা লোকমানকে (৪৮) অবশেষে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (২৯ জুন) সকালে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। লোকমান উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের রমজান আলীর ছেলে।
পুলিশ জানায়, গ্রামবাসীর টাকা আত্মসাৎ করে প্রতারক লোকমান দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি আসার খবর পেয়ে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাসহ প্রতারণার অসংখ্য অভিযোগ রয়েছে।
জানা যায়, লোকমান দক্ষিণ পানান গ্রামে সরকারি ঘর পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে অনেকগুলো বাড়িতে আরসিসি খুঁটি বসিয়ে বিশ্বাস অর্জন করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। গত প্রায় দুই বছর আগে পুরো গ্রামের লোকজনকে সরকারি ঘর দেয়ার নাম করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান তিনি। তার বিরুদ্ধে ভুক্তভোগীরা বেশ কয়েটি মামলাও করেছেন।
স্থানীয়রা জানায়, লোকমান একা নয়, একটি সংঘবদ্ধ চক্র প্রতারণার ফাঁদে পেতে এ গ্রামের হাজার হাজার পরিবারকে সর্বস্বান্ত করেছে। গ্রামের জয়নাল গাজি জানান, প্রতারক লোকমানের গ্রেপ্তারের সংবাদে এলাকার মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান প্রতারক লোকমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অনেক দিন ধরেই লোকমানকে পুলিশ খুঁজছিল। তার বিরুদ্ধে কয়েকটি মামলাসহ প্রতারণার অসংখ্য অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এখন তদন্ত হবে। প্রতারণার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।