কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা দ্বিগুণে উন্নীত হয়েছে। শুরুর দিকে জেলার করোনা সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা করানো হতো মহাখালীর আইইডিসিআর, শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবটেরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার এবং মহাখালীর আইপিএইচ পিসিআর ল্যাবে। কিন্তু কিশোরগঞ্জে রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধির প্রেক্ষিতে গত ৩১ মে থেকে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে চালু হয়েছে নতুন পিসিআর ল্যাব। তবে জনবল সীমিত থাকায় এতদিন এক শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করানো যেত। অথচ দৈনিক অন্তত আড়াইশ’ থেকে তিনশ’ নমুনা সংগ্রহ করা হয়। ফলে বাদবাকি নমুনার কিছু সংখ্যক আইপিএইচ ল্যাবে পরীক্ষা করানো হতো। সেখানেও অন্যান্য জেলার নমুনা পরীক্ষা করানোর কারণে কিশোরগঞ্জের অনেক নমুনা পেন্ডিং থাকতো।
কিশোরগঞ্জে দুই শিফট বা তিন শিফট চালু করার জন্য জনবলের চাহিদা দিয়ে জেলা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে আগেই আবেদন পাঠানো হয়েছে। তবে স্থানীয়ভাবে জনবলের সঙ্কুলান করে ২৮ জুন রোববারই প্রথম এখানকার ল্যাবে দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করানো হয়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, এখন চেষ্টা করা হচ্ছে তিন শিফট চালু করার জন্য। স্থানীয়ভাবে আরো কিছু স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়ে অচিরেই তিন শিফট চালু করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তখন দৈনিক ২৮২টি নমুনা পরীক্ষা করানো যাবে। তাতে পরীক্ষার ফল পেতে দীর্ঘ সময় অপেক্ষার পালাও কিছুটা নিরসন হবে বলে মনে করা হচ্ছে। অবশ্য জেলার সর্বাধিক সংক্রমিত এলাকা ভৈরবেও একটি পিসিআর ল্যাব স্থাপনের জন্য জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী আবেদন পাঠিয়েছেন।