ভৈরব পৌর ১০নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পেলেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর আরেফিন জালাল রাজীব। গত ১৮ জুন পৌরসভায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই দায়িত্ব দেয়া হয়।
জানা যায়, ৪ জুন বুধবার রাত ২টায় পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর আওলাদ হোসেন সওদাগর হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি পৌর শহরের চণ্ডিবের এলাকার সওদাগর বাড়ির মরহুম আনোয়ার হোসেন সওদাগরের ৪র্থ ছেলে। তার মৃত্যুতে বিধি মোতাবেক পার্শ্ববর্তী ১১নং ওয়ার্ড কাউন্সিলর আরেফিন জালাল রাজীব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া পর্যন্ত ১০নং ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে ১১নং ওয়ার্ড কাউন্সিলর আরেফিন জালাল রাজীব বলেন, ২১ জুন সকালে ১০নং ওয়ার্ডের দায়িত্ব পালনের মেয়র কর্তৃক প্রজ্ঞাপনের চিঠি হাতে পেয়েছি। পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর মরহুম আওলাদ হোসেন সওদাগর যেভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। আমিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া পর্যন্ত ১১নং ওয়ার্ডের মতই ওই ওয়ার্ডের দায়িত্ব পালন করবো। এসময় ১০নং ওয়ার্ডের মানুষের সাহায্য ও সহযোগীতা কামনা করেন তিনি।
এ বিষয়ে ভৈরব পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আওলাদ হোসেন সওদাগরের মৃত্যুতে অত্র ওয়ার্ডের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তাই পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর আরেফিন জালাল রাজীবকে ১০নং ওয়ার্ডের কার্যক্রম গতিশীল রাখার নিমিত্তে এ দায়িত্ব দেয়া হয়েছে।