ভৈরবে দিনব্যাপি অপ্রয়োজনে ঘুরাফেরা করার দায়ে ৩২ জন পথচারীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। ২৮ জুন রোববার ভৈরব পৌর শহর বাজারের বিভিন্ন এলাকায় একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পথচারীদের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে প্রচারণা ও মাস্ক বিতরণসহ জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্যার এর নির্দেশনায় করোনাভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় বিনামূল্যে মাস্ক বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সকলকে বাইরে বের হলে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারের জন্য সচেতন করা হয়েছে। তিনি আরো বলেন, মাস্ক না পরে অহেতুক ঘুরাফেরা করায় ৩২ জন পথচারীকে মোট ১৪ হাজার ৩শ টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।