কয়েক বছর ধরে বাংলাদেশে অন্তত বৃষ্টির মৌসুমে ডেঙ্গু মহামারির রূপ নিচ্ছে। ভয়াল ডেঙ্গু একজন সিভিল সার্জনসহ বহু মানুষের প্রাণও কেড়ে নিয়েছে। এর বিরুদ্ধে দেশব্যাপী বেশ অভিযানও চালানো হয়েছে। কিন্তু এবার সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা মহামারি চলছে। অর্থাৎ, বাংলাদেশের মানুষ এখন দ্বিমুখি আক্রমণ ও সংক্রণের মুখে। অথচ করোনার আগ্রাসী চেহারার কারণে এবার যেন ডেঙ্গুর বিষয়টি চাপা পড়ে যাচ্ছে বা এর গুরুত্ব লঘু হয়ে গেছে। গতবছর যেভাবে সারাদেশে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা ক্যাম্পেইন চালানো হয়েছিল, এবার করোনার কারণে এ ধরনের কর্মসূচীও নেয়া যাচ্ছে না।
তবে কিশোরগঞ্জ পৌর এলাকায় এবার মশক নিধনে নিয়মিত ওষুধ প্রয়োগ করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কারিগরি সহায়তায় এবার ডেঙ্গুসহ মশক নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ পৌর এলাকায় ছিটানো হচ্ছে অধিক কার্যকর দু’রকম ওষুধ। ডোবা আর নর্দমাসহ মশার উৎপাদন স্থানগুলোতে ছিটানো হচ্ছে লার্ভিসাইড। আর মহল্লায় মহল্লায় অলিগলি এবং ঝোপঝাড়ে পূর্ণাঙ্গ মশার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে ফগার মেশিন। এতে কিছুদিন ধরে পৌর এলাকায় মশার ওৎপাত অনেকটা কমেছে বলে পৌরবাসী মনে করছেন।
মেয়র মাহমুদ পারভেজ এ প্রতিনিধিকে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনের সঙ্গে তিনি বেশ কিছুদিন আগে জাপান গিয়েছিলেন জনস্বাস্থ্য সংক্রান্ত একটি সম্মেলনে অংশ নিতে। তখন মশক নিধন নিয়ে আলোচনা হলে মামুনুর রহমান তাকে ভাল মানের কোম্পানির উন্নত মানের কাঁচামাল দিয়ে মশক নিধনের কার্যকর ওষুধের মিশ্রণ প্রস্তুত সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তারা নিজেদের তৈরি করা ওষুধ পরীক্ষামূলক ব্যবহারে সুফল পেয়েছেন বলে এখন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এই ওষুধটি প্রয়োগ করা হচ্ছে। লার্ভিসাইড এবং ফগার মেশিনের ওষুধ, দু’রকম ওষুধই তারা নিজেরা তৈরি করছেন এবং প্রয়োগ করছেন। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি বিশেষজ্ঞ দল কিশোরঞ্জগঞ্জ পৌরসভাকে এই ওষুধের মিশ্রণটি তৈরি করার ব্যাপারে প্রশিক্ষণ দিয়েছে। এখন কিশোরগঞ্জ পৌরসভা নিজ উদ্যোগে নির্দিষ্ট কোম্পানির উন্নতমানের কাঁচামাল কিনে নিজেরা সঠিক নিয়মে নির্দিষ্ট মাত্রা বা অনুপাতে মিশ্রণ তৈরি করে সারা পৌর এলাকায় প্রয়োগ করছে বলে মেয়র মাহমুদ পারভেজ জানিয়েছেন। তিনি জানান, এতদিন মশক নিধনের কাঁচামালের সঙ্গে প্রচলিত নিয়মে পেট্রোলের মিশ্রণ তৈরি করে প্রয়োগ করা হতো। তাতে ভাল ফল পাওয়া যেত না। কিন্তু এখন বেশ ভাল ফল পাওয়া যাচ্ছে। কিশোরগঞ্জ পৌর এলাকায় এডিস মশার তেমন প্রাদুর্ভাব না থাকলেও অন্যান্য প্রজাতির মশার বেশ দাপটে মানুষ অতিষ্ঠ ছিল। সেটাও বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে দু’রকম ওষুধই ছিটানো হচ্ছে। ডোবা ও নর্দমাসহ মশা উৎপাদনের সম্ভাব্য স্থানগুলোতে ছিটানো হচ্ছে লার্ভিসাইড। যার কারণে মশার উৎপাদন ব্যাহত হচ্ছে বলে এখন মশার ওৎপাত অনেক কমে গেছে। আর পূর্ণাঙ্গ মশার জন্য ফগার মেশিনে ছিটানো হচ্ছে ওষুধ। তবে বেশি কার্যকর ভূমিকা রাখছে লার্ভিসাইড, জানিয়েছেন মেয়র মাহমুদ পারভেজ। মশার উৎপাদন ব্যাহত হচ্ছে বলেই এখন মশার ওৎপাতও কমেছে। মেয়র আশাবাদী, এবার অন্তত কিশোরগঞ্জ পৌর এলাকায় মশক নিয়ন্ত্রণে সাফল্য পাওয়া যাবে।
