করোনা সঙ্কটের কারণে এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনার পাশাপাশি সকল প্রকার পরীক্ষাও বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এইচএসসি পরীক্ষাও বন্ধ রয়েছে। ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রায় তিন মাস পার হতে চলেছে। পরীক্ষা গ্রহণ এখনো অনিশ্চিত। এতে শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। অনেকেই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছেন। কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের মানবিক শাখার পরীক্ষার্থী পপি আক্তার বলেছেন, পরীক্ষা বন্ধ থাকায় তিনি শিক্ষাজীবন নিয়ে খুবই উদ্বিগ্ন। তার মা-বাবাও উৎকণ্ঠায় আছেন। পরীক্ষা বন্ধ থাকায় পড়াশোনায়ও মন বসছে না। তাতে ধারাবাহিক শিক্ষাজীবনও বিঘ্নিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করলে অন্তত একটি বছর নষ্ট হবে না বলেও তিনি মনে করেন। করোনা সঙ্কট কবে কাটবে তার কোন নিশ্চয়তা নেই। ফলে তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন, যেন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নেয়। ক্লাশ বন্ধ থাকা আর পরীক্ষা বন্ধ থাকার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে বলেও অনেকে মনে করছেন।অনেকের যুক্তি, সরকার এখন বিধিনিষেধ শিথিল করার কারণে সরকারি অফিসেও স্বাস্থ্যবিধি মেনে কাজকর্ম চলছে। যানবাহন চলাচল করছে। সকল ব্যবসাপ্রতিষ্ঠানও খোলা রয়েছে। আর এখন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। ফলে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের চিন্তার বাইরে গিয়ে প্রয়োজনে হাইস্কুল, মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের পরিধি বাড়িয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা গ্রহণ করা যায় কি না, সে বিষয়ে অনেকেই সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। একটি বেঞ্চে কেবল একজন পরীক্ষার্থী বসবেন। সামনের বেঞ্চের ডান পাশে মাস্ক পরে একজন পরীক্ষার্থী বসলে অন্যজন পেছনের বেঞ্চের বামপাশে বসবেন। এভাবে মাস্ক পরে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই পরীক্ষা গ্রহণ করা সম্ভব বলে অনেকে মনে করছেন। আবার কেন্দ্রের সংখ্যা বাড়লেও পরিদর্শক বেশি লাগবে না বলেও অনেকে মনে করছেন। কারণ পরীক্ষার্থীরা অনেক ফাঁক ফাঁক হয়ে বসার কারণে একটি কক্ষে আগের তুলনায় পরীক্ষার্থী অনেক কম থাকবেন, পরিদর্শকও কম লাগবে।কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমান আলীকে এ ব্যাপারে প্রশ্ন করলে শিক্ষার্থীদের ক্ষতির কথা স্বীকার করে বলেন, এইচএসসি পরীক্ষার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। হয়ত একটি সিদ্ধান্ত আসতে পারে। কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. আল আমিনকে প্রশ্ন করলে বলেন, সরকার বা শিক্ষা মন্ত্রণালয় যদি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে শিক্ষকদের দিক থেকে কোন আপত্তি থাকার কথা নয়। হোসেনপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সায়মা হককে প্রশ্ন করলে তিনিও বলেন, সরকার যে সিদ্ধান্ত নেবে, তাতে শিক্ষকদের আপত্তি করার কোন সুযোগ নেই। পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত আসলে শিক্ষকরা স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা গ্রহণ করবেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানকে এ ব্যাপরে প্রশ্ন করলে বলেন, এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। তবে সরকার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিলে তারা সেই অনুসারে ব্যবস্থা নেবেন।