ভৈরব পৌর শহরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।
জানা যায়, ১৭ জুন বুধবার বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়ক ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে মাস্ক বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, ভৈরব উপজেলায় প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্তের হার অনেক বেশী। জীবন জীবিকার প্রয়োজনে মানুষ ঘর থেকে রাস্তায় বের হয়। কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী স্যার এবং ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা স্যার এর নির্দেশনায় ভৈরব বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ আবার স্যারদের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতে পাশাপাশি ২৫০ জন গরীব হতদরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে প্রচারণার পাশাপাশি মাস্ক পড়া বাধ্যতামূলক করে যাদের মাস্ক ছিল না তাদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। মানুষ যেন ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থ্য সচেতনতা মেনে চলাফেরা করে সে আহ্বান জানান তিনি।