# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপন’কে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন। ১০ ফেব্রুয়ারি শনিবার শহরের সরকারি কাদির বক্স পাইলট মডেল হাইস্কুল মাঠে বিকাল ৩টায় ভৈরববাসীর পক্ষ থেকে এক নাগরিক সংবর্ধনার মাধ্যমে মন্ত্রীকে বরণ করে নিবেন ভৈরবের সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে ভৈরব শহরকে সাজানো হয়েছে ভিন্নরূপে। বিভিন্ন ফেস্টুন, ব্যানার, লাইটিং, গেইট দিয়ে সাজানো হয়েছে বঙ্গবন্ধু সরণি।
সংবর্ধনাকে সাফল্য মণ্ডিত করতে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে ৪ ফেব্রুয়ারি নাগরিক সংবর্ধনা কমিটির পক্ষ থেকে এক প্রস্তুতি সভা করা হয়েছে। এ সময় নেয়া হয়েছে নানাবিধ সিদ্ধান্ত। নানান আয়োজনের মধ্য দিয়ে মন্ত্রীকে বরণের প্রস্তুতি গ্রহণ করা হয়। আলহাজ্ব নাজমুল হাসান পাপন সাবেক প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান ও নারী নেত্রী শহীদ বেগম আইভি রহমানের একমাত্র সন্তান। তিনি রাষ্ট্রপতি হলে ভৈরব-কুলিয়ারচর আসন থেকে আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি নির্বাচিত হন। দীর্ঘ ২১ বছর পর কিশোরগঞ্জ ভৈরবের মানুষ আবার মন্ত্রীত্বের স্বাদ গ্রহণ করেন। ভৈরবের সন্তান নাজমুল হাসান পাপনকে বরণ করতে নাগরিক সমাজ বর্ণাঢ্য আয়োজন হাতে নিয়েছে। সংবর্ধনা শেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী ঐশী ও দেশ বরণ্যে শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে মাননীয় মন্ত্রীর আসন গ্রহণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, পবিত্র কোরআন থেকে তেলোয়াত, গীতা পাঠ, মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন, মানপত্র পাঠ, মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য, সবশেষে সভাপতির সমাপনীর বক্তব্যের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
এ বিষয়ে নাগরিক কমিটির আহ্বায়ক আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু বলেন, আমরা মন্ত্রী পেয়ে গর্বিত। মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের সাক্ষাত হয়েছে। ভৈরবের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা হয়েছে সংবর্ধনার দিন মন্ত্রী মহোদয়ের কাছে কিছু উন্নয়নমূলক কাজের বিষয় উত্থাপন করা হবে। ইতিমধ্যেই ভৈরব পৌরসভাসহ উপজেলার বিভিন্ন উন্নয়মূলক কাজের বিভিন্ন বরাদ্ধ আসতে শুরু করেছে। ১০ ফেব্রুয়ারি আমরা মাননীয় মন্ত্রীকে বরণ করে নিতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছি। সংবর্ধনা শেষে একটি সুন্দর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।