কিশোরগঞ্জে উদ্বেগজনক হারে করোনা সংক্রমণের মাত্রা বেড়ে চলেছে। শনিবার প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে নতুন ৪৫ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে ভৈরবেরই ৪২ জন! সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মহাখালীর আইপিএইচ ল্যাবে ৩১টি নমুনার পরীক্ষায় সবগুলি নেগেটিভ এসেছে। আর কিশোরগঞ্জের সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাবে ৯৪টি নমুনার পরীক্ষায় ৪৫টি পজিটিভ, ৪৫টি নেগেটিভ, আর পুরনো চারটি পজিটিভ নমুনা আবারো পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে ভৈরবেই ৪২ জন! এছাড়া কটিয়াদীতে তিনজন। ভৈরবে নতুন করে একজন মারা গেছেন, আর সুস্থও হয়েছেন দু’জন। শনিবার পর্যন্ত জেলায় মোট আক্রন্ত হয়েছেন ৬০২ জন, আর সুস্থ হয়েছেন ২২১ জন, মারা গেছেন ১৫ জন। তবে শনিবার পর্যন্ত ভৈরবে মোট আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ২৪২ জন, সুস্থ হয়েছেন ৬৮ জন, আর মারা গেছেন ৫ জন। দ্বিতীয় অবস্থানে থাকা সদর উপজেলায় শনিবার পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮২ জন, সুস্থ হয়েছেন ২২ জন, আর মারা গেছেন তিনজন। জেলায় শনিবার আইসোলেশনে ছিলেন ৩৭৫ জন, আর কোয়ারেন্টিনে ছিলেন ১৪৩ জন।