• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

স্মৃতিতে আওলাদ হোসেন সওদাগর…… অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ

অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, চণ্ডিবের সওদাগর বাড়ির সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ভৈরব উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পংকু মিয়ার ছেলে, কিশোরগঞ্জ জেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মির্জা সুলায়মানের ছোট ভাই, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, আমার সহযোদ্ধা-সহকর্মী আওলাদ হোসেন সওদাগর গত মঙ্গলবার রাত ২টার দিকে আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন! ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আমি এমন একটা দুঃসংবাদের জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না! যদিও বিগত কয়েকদিন যাবতই সে অসুস্থ্য ছিল। অর্থাৎ জ্বর ছিল তার। তাই কিছুদিন আগে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করিয়েছিল। গত পরশু বিকেলে তার নমুনা পরীক্ষার নেগেটিভ ফল এসে পৌঁছায়। করোনা নেগেটিভের খবর পেয়ে সেদিনই রাত ৯টার দিকে তাকে দেখতে তার বাসায় গিয়েছিলাম। খুবই খুশি হয়েছিল সে আমাকে দেখে। ঘণ্টা খানেক আলাপচারিতায় মনে হয়েছিল সুস্থ্য হওয়ার পথে সে। কিছুদিন নাকি বেশ দূর্বল ছিল শরীর। খাওয়া-ধাওয়া একেবারেই নাকি হয়নি কয়েকদিন। তবে সেদিন নাকি বেশ ভাল ও সুস্থ্য বোধ করছিল সে। আমাদেরও তাই মনে হয়েছিল। খুব স্বাভাবিক ভাবে কথা-বার্তা বলেছিল সেসময়। কিন্তু এর পরের রাতেই সে পৃথিবীকে বিদায় জানিয়ে দেবেন তা মূহুর্তের জন্যও কল্পনা করতে পারিনি!
করোনার প্রাদুর্ভাবের পর থেকে ত্রাণ কার্যক্রম নিয়ে বেশ পরিশ্রম করছিল সে। শরীর খারাপ থাকা সত্ত্বেও পৌরসভার ৩য় ও ৪র্থ ধাপে ত্রাণ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের তালিকা প্রস্তুত করার কাজ করছিল সে। আর এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে ১০নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এমন একজন মানুষের পরপাড়ে চলে যাওয়াটা অত্যন্ত বেদনাদায়ক।
পারিবারিক ভাবেই বেশ ভাল সম্পর্ক ছিল আমাদের দুই পরিবারের মধ্যে। আউলাদ-এর দাদা চাঁন মিয়া সওদাগরের আমল থেকে শুরু করে তার ভাই মির্জা সুলাইমান পর্যন্ত অদ্যাবধি আমাদের পারিবারিক সম্পর্ক অটোট রয়েছে। ১০নং ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি রাজনৈতিক পদবি ধারণ করলেও কখনো অহংকার বোধ প্রকাশ পায়নি তার আচার আচরণে। কিছুটা স্বল্পভাষী স্বভাবের লোক ছিল সে। ক্যামেরা সামনে নিজকে খুব বেশি প্রদর্শন করা পছন্দ করতো না।
আল্লাহপাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং মরহুমের পরিবারের সবাইকে এই শোক সইবার তৌফিক দান করুন। আসুন সবাই মিলে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ
মেয়র, ভৈরব পৌরসভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *