বাংলাদেশে করোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে। মৃত্যুও বাড়ছে। স্বভাবতই জনমনে আতঙ্ক বিরাজ করছে। কিন্তু হাটবাজার, রাস্তাঘাট আর ফেরিঘাটের চেহারা দেখলে মনে হয় না মানুষ মনের আতঙ্কটাকে আচরণে প্রতিফলিত করছে। সরকার অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠান আর গণপরিবহনে বিধিনিষেধ শিথিল করেছে। তার মানে এই নয় যে স্বাস্থ্যবিধি শিথিল করা হয়েছে। অথচ মানুষের আচরণ দেখলে মনে হয়, যেন সরকার দেশটাকে আগের মত স্বাভাবিক ঘোষণা করে দিয়েছে! রাস্তা ভর্তি যানবাহন আর পথচারী। বাজারে ভিড়, দোকানে ভিড়। নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করা মোটেই সম্ভব হচ্ছে না। অন্তত ১০ ভাগ মানুষের মাস্ক নেই, আরো ২০ ভাগ মানুষের মাস্ক আছে, কিন্তু ঠিকমত পরছেন না।
বাংলাদেশের করোনা পরিস্থিতি দিন দিনই খারাপের দিকে গেলেও এখনো আমরা ইউরোপ-আমেরিকার তুলনায় ভাল আছি। যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি, পরামর্শ এবং বিধিনিষেধ মেনে চলতাম, তাহলে আমরা আরো অনেক ভাল থাকতে পারতাম। আমাদের দেশে করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে ৮ মার্চ। ইউরোপ-আমেরিকায় সংক্রমণ শুরু হওয়ার আনুমানিক ২০-২৫ দিন পর এদেশে সংক্রমণ ধরা পড়ে। ঢাকা শহরে দু’জন ইতালি প্রবাসী আর তাদের স্থানীয় একজন পরিবারের সদস্যের নমুনা পরীক্ষায় প্রথম ‘কোভিড-১৯’ ধরা পড়ে। এরপর প্রায় তিনমাস কেটে যাচ্ছে। এটা করোনা সংক্রমণের ক্ষেত্রে একটা দীর্ঘ সময় বটে। প্রতিদিনই সংক্রমণ বাড়ছে, মৃত্যুও বাড়ছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ৪০। যদিও এটাও বেশ বড় সংখ্যা। কিন্তু সংক্রমণ শুরু হওয়ার এতদিন পর ইউরোপ আর আমেরিকায় একদিনে এক হাজার, দেড়হাজার, দুই হাজার মানুষ মারা গেছে। সংক্রমণও অনেক বেশি হয়েছে।
আমেরিকার আয়তন বাংলাদেশের প্রায় ৪০ গুণ। জনসংখ্যা প্রায় দ্বিগুণ। তার মানে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটার এলাকায় যে পরিমাণ মানুষের বসবাস, আমেরিকায় সমপরিমাণ মানুষ বসবাস করে ২০ বর্গকিলোমিটার এলাকায়। বোঝাই যাচ্ছে আমেরিকায় কত হালকা জনবসতি। স্পেনের আয়তন আমাদের দেশের দ্বিগুণেরও বেশি। জনসংখ্যা আমাদের এক-চতুর্থাংশ। ইতালির আয়তনও আমাদের দেড়গুণের কিছু কম। জনসংখ্যা আমাদের তুলনায় এক-তৃতীয়াংশ। যুক্তরাজ্যের আয়তন আমাদের প্রায় সমান। সেদেশেও জনসংখ্যা আমাদের তুলনায় এক-তৃতীয়াংশ। ইউরোপের এসব দেশেও জনবসতি আমাদের তুলনায় অনেক কম। শিক্ষাদীক্ষা, চিকিৎসা ব্যবস্থাসহ অনেক ক্ষেত্রেই আমেরিকা এবং ইউরোপের এসব দেশ আমাদের তুলনায় অনেক এগিয়ে। তারপরও এসব দেশে একদিনে এক হাজার থেকে দুই সহস্রাধিক মানুষ মারা যাওয়ার রেকর্ড আছে। কাজেই সেদিক থেকে তুলনা করলে এখনো আমরা অনেক ভাল আছি। ৮ মার্চের পর ৩ জুন পর্যন্ত প্রায় তিন মাসে আমাদের দেশে মারা গেছে মোট ৭৪৬ জন। অথচ বিভিন্ন দেশে এর চেয়ে অনেক বেশি প্রবাসী বাংলাদেশীই করোনায় মারা গেছেন। আমরা যদি নিয়ম-কানুন আন্তরিকতার সঙ্গে এবং কঠোরভাবে মেনে চলতে পারতাম, তাহলে আরো ভাল থাকতে পারতাম।
আমাদের দেশে বিধিনিষেধ শিথিল করা হয়েছে বাস্তবতার নিরিখে। আমাদের মত দেশ কেবল খাদ্যে উদ্বৃত্ত বলে এতদিন টিকে আছি। তাই বলে কেবল খাদ্য নিয়ে তো আর মাসের পর মাস লকডাউন দিয়ে টিকে থাকা যাবে না। একটা বিশাল নিম্ন আয়ের জনগোষ্ঠীকে আমাদের মত দেশে মাসের পর মাস বসিয়ে রেখে বিনামূল্যে খাবার সরবরাহ করে যাওয়া কতটুকু সম্ভব! উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে। তারাও সংক্রমণের মধ্যেই অনেক কিছু খুলে দিচ্ছে। লকডাউনের দুঃসহ বোঝা আর বহন করতে পারছে না। সেক্ষেত্রে বাংলাদেশ কতটুকু পারতে পারে। কাজেই বিধিনিষেধ শিথিল করলেও সবাই যদি নিজের ব্যাপারে, স্বজনদের ব্যাপারে, দেশবাসীর ব্যাপারে সতর্ক থাকি, তাহলে সংক্রমণ এবং মৃত্যুর বর্তমান মিছিলটাকে কিছুটা হলেও রাশ টেনে ধরা সম্ভব। এখন সব জায়গাতেই মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। করোনার বিস্তার নিয়ন্ত্রণের অনেকগুলো উপায়ের মধ্যে একটা হচ্ছে ‘কন্টাক্ট ট্রেসিং’। অর্থাৎ, কেউ সংক্রমিত হলে তাকে যেমন আইসোলেশনে নিতে হবে, তার সংস্পর্শে যারা এসেছেন, তাদেরকেও আইসোলেশন বা কোয়ারেন্টিনে থাকতে হবে। কিন্তু এখন যদি এত এত মানুষ জরুরি কাজ না থাকলেও রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাহলে কন্টাক্ট ট্রেসিং করাটা হবে দুঃসাধ্য ব্যাপার। কাজেই সবাইকে সচেতন হতে হবে। নিয়ম মেনে চলতে হবে। আর ভেকসিন বা ওষুধ উদ্ভাবন না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এর বাইরে আর কিই বা আমাদের করার আছে।
মোস্তফা কামাল
সভাপতি, জেলা প্রেস ক্লাব
প্রধান সম্পাদক, দৈনিক পূর্বকণ্ঠ।