কিশোরগঞ্জে আজ (১ জুন) সোমবার নতুন ২২ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। এর মধ্যে ভৈরবেই সর্বোচ্চ ১১ জন। গতকাল ৩১ মে নতুন ৩০টি পজিটিভ নমুনার মধ্যেও ভৈরবেরই ছিল সর্বোচ্চ ১৫টি। জেলা থেকে ২৭ মে ১৪৬টি নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর আইপিএইচ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজকে পাওয়া এগুলির ফলাফলে দেখা গেছে, নতুন ২২টি, আর দ্বিতীয়বার পুরনো ৩টি নমুনা পজিটিভ হয়েছে। এর মধ্যে করিমগঞ্জের গুজাদিয়া এলাকার বাড়িতে ২৮ মে মারা যাওয়া মসজিদের মুয়াজ্জিন শামছুদ্দিনের (৬৫) নমুনাও দ্বিতীয়বার পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১২১টি নমুনা। তবে গত ২৪ ঘন্টায় ৩ ব্যক্তি সুস্থ হয়েছেন। এদের মধ্যে ভৈরবে ১ জন, পাকুন্দিয়ায় ১ জন, আর বাজিতপুরে ১ জন।
নতুন পজিটিভ নমুনার মধ্যে ভৈরবে ১১টি, সদর উপজেলায় ১টি, করিমগঞ্জে ৩টি, তাড়াইলে ৪টি, কুলিয়ারচরে ২টি, আর বাজিতপুরে ১টি। এখন পর্যন্ত ভৈরবেই জেলায় সর্বোচ্চ ১০২ জন ‘কোভিড-১৯’ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ জন সংক্রমিত হয়েছেন সদর উপজেলায়। এখানে সুস্থ হয়েছেন ১৮ জন। আজকে আইসোলেশনে আছেন ১৭১ জন, আর কোয়ারেন্টিনে আছেন ১৯৫ জন। আজ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ৩৭৫ জন, আর সুস্থ হয়েছেন মোট ২০১ জন। মারা গেছেন ১১ জন।