# মিলাদ হোসেন অপু :-
ভৈরব পৌর মহিলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদিকা পারভিন বেগমের বিরুদ্ধে দোকান ভাঙচুরের অভিযোগে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। ২৬ এপ্রিল বুধবার বিকেলে পারভিন বেগমসহ আরো ৫ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন কাপড় ব্যবসায়ী সেলিম মিয়া।
২৫ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব বাজার ছবিঘর শপিং কমপ্লেক্সের আন্ডার গ্রাউন্ড মার্কেটে ব্যবসায়ী সেলিম মিয়ার দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিমকে মারধোর করাসহ দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে অভিযোগকারী সেলিম মিয়া বলেন, আমার বাড়ির লোকজনের সাথে পারভিন বেগমের শ্বশুর বাড়ির লোকজনের দ্বন্দ্ব রয়েছে। সেই সূত্র ধরে আমার দোকানে হামলা চালিয়েছে পারভিন বেগম। আমার সাথে পারভিন বেগমের কোন শত্রুতা নেই। আমার দোকানে সন্ধ্যায় পারভিন বেগম ও তার সাঙ্গপাঙ্গরা আমাকে মারধোর করে। আমার দোকানও ভাঙচুর করেছে। পারভিন বেগম ও তার লোকজন আমার ক্যাশবাক্স থেকে নগদ ২ লক্ষ ৪৫ হাজার টাকা ও আমার গলায় থাকা স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। এ বিষয়ে আমি ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
ভৈরব পৌর মহিলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদিকা পারভিন বেগম বলেন, ভৈরব উপজেলা শিবপুর ইউনিয়নের জামালপুর এলাকায় আমার শ্বশুরবাড়ি। সেলিমের বাড়িও ওই এলাকায়। সেলিমের কাছে টাকা পাবে আমার শ্বশুরবাড়ির এক প্রতিবেশি। টাকার বিষয়ে সেলিমের চাচার সাথে আমার স্বামী হারুন মিয়ার কথা কাটাকাটি হয়। পরে সেলিম দলবল নিয়ে পাওনাদারের বাড়িতে আক্রমণ করে। এ সময় আমার স্বামী, সন্তানসহ আমাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাবে বলে সেলিম হুমকি দিয়েছে আমি লোক মাধ্যমে জানতে পারি। পরে তার দোকানে গিয়ে তাকে জিজ্ঞাসা করেছি কেন আমাদের হুমকি দিয়েছে। তখন আমি সেলিমকে চর থাপ্পর দেয়। এক পর্যায়ে আমার ধাক্কাধাক্কিতে তার দোকানে আইনা ভেঙ্গে যায়। পরে মার্কেট ম্যানেজার এসে দোকান তালা দিয়ে মার্কেট বন্ধ করে দেন।
এ বিষয়ে ছবিঘর শপিং কমপ্লেক্স মার্কেট সমিতির সভাপতি হাজী মোস্তফা কামাল বলেন, সেলিম মার্কেটের একজন কাপড় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ির ঝগড়া মার্কেটে হওয়াটা দুঃখজনক। আমরা ব্যবসায়ীরা থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত করি। মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভিন বেগম ও আরো অনেকে এসে সেলিমের দোকানে হামলা করেছে। বিষয়টি আমি স্থানীয় নেতৃবৃন্দদের জানিয়েছি।
ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ২৬ এপ্রিল বুধবার বিকেলে সেলিম মিয়া নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৬ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।