ভৈরবে মিলের দরজায় তালা ঝুলিয়ে ভিতরে তৈরী হচ্ছে ভেজাল মসলা। ২৯ আগস্ট সোমবার রাতে ভৈরব বাজার হলুদ পট্টিতে অভিযান পরিচালনা করে তালাবদ্ধ মিল থেকে ১০ মণ পঁচা মরিচসহ নিম্নমানের চাল, ধানের তুস ও গাঁজা উদ্ধার করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।
এসময় উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার খাদ্য পরিদর্শক ও স্যানেটারি ইন্সপেক্টর নাসিমা বেগম। অভিযানে সহযোগিতা করেন ভৈরব শহর ফাঁড়ি পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ আগস্ট সোমবার রাতে ভৈরব বাজার হলুদ পট্টিতে অভিযান পরিচালনা করা হয়। কৌশলে রাত দশটার পর মিলের সামনে তালা ঝুঁলিয়ে ও ভিতর থেকে আটকানো ব্যবস্থা রেখে গভীর রাতে তৈরী করা হচ্ছিল ভেজাল মসলা। এসময় প্রায় ১০ মণ পঁচা মরিচ, বিভিন্ন রঙ, মিশ্রণের জন্য রাখা ২ বস্তা নিম্নমানের চাল, ধানের তুস, সাজানো ২ পুড়িয়া গাঁজা এবং বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, গত ১৮ আগস্ট অভিযানের পর অসাধু ব্যবসায়ীদের কার্যক্রম বন্ধ থাকলেও ইদানিং ধরণ পাল্টেছে তারা। রাত ১০টার পর শুরু করে তারা হলুদ মরিচের ভেজাল মিশ্রণ। মিলের সামনে তালা ঝুঁলিয়ে আবার ভিতর থেকে আটকে রেখে গভীর রাত পর্যন্ত তৈরি করে ভেজাল মসলা। ভিতর থেকে রয়েছে পালানোর সুব্যবস্থা। ভিতরে গাঁজা সাজিয়ে রেখেছে। রাতভর হলুদ, পঁচা মরিচ ভাঙবে, বিভিন্ন রঙ, চালের কুড়া, ধানের তুস, ইটের গুরা মিশাবে আর গাঁজা খাবে। এমন গাঁজাখোর মিল মালিক জনগণের কথা ভাব্বে কোত্থেকে। মালিক-শ্রমিক পালিয়ে যাওয়ায় কাউকে পাওয়া যায়নি। অভিযানে মিল থেকে প্রায় ১০ মণ পঁচা মরিচ, বিভিন্ন রঙ, মিশ্রণের জন্য রাখা ২ বস্তা নিম্নমানের চাল, ধানের তুস, সাজানো ২ পুড়িয়া গাঁজা এবং বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায়। মিলটি সিলগালা করে জব্দকৃত মালামাল স্থানীয় কাউন্সিলর এর জিম্মায় রাখা হয়েছে। এ ধরনের অবৈধ ব্যবসা কোন ভাবেই পরিচালনা করতে দেয়া হবেনা। অভিযান অব্যাহত থাকবে এবং সকলকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।