করোনা সঙ্কটের কারণে কিশোরগঞ্জে এতদিন উত্তরবঙ্গের ধানকাটা শ্রমিকের সঙ্কটের আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু এখন করোনার কারণেই দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা কর্মজীবী মানুষেরা দলে দলে যার যার এলাকায় ফেরার কারণে ধানকাটা শ্রমিকের ঘাটতি ততটা অনুভূত হচ্ছে না। তবে জেলার হাওরঞ্চলে সর্বাধিক পরিমাণ বোরো আবাদ হয় এবং প্রতি বছরই হাওরাঞ্চলে আগাম বন্যার আতঙ্ক বিরাজ করে। কয়েক বছর পর পরই হাওরাঞ্চলে আগাম বন্যায় ফসল বিনষ্ট করে কৃষকদের পথে বসিয়ে দেয়। ফলে শ্রমিকের কিছু ঘাটতির আশঙ্কার পাশাপাশি আগাম বন্যার আশঙ্কাও বিরাজ করছে। যে কারণে পেশাদার শ্রমিকের পাশাপাশি আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ বা সহযোগী সংগঠনের নেতাকর্মিরা স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দেয়ার জন্য উদ্বুদ্ধকরণ কার্যক্রমে মাঠে নেমেছেন।
কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক এই অভিনব ধানকাটা অভিযানটির সূচনা করেছিলেন। এখন কৃষক লীগ এবং ছাত্র লীগও কাস্তে হাতে মাঠে নেমেছে। জেলা ছাত্র লীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ উমান খানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মিরা সোমবার ইটনার বড়িবাড়ি এলাকার হাওরে কাস্তে হাতে নেমেছিলেন ধান কাটতে। নিজেরা ধান কেটে মাথায় করে কৃষকের বাড়ি নিয়ে গেছেন। তারা এর ভেতর দায়িত্ব এবং আনন্দ দু’টোই যেন খুঁজে পেয়েছেন। এলাকাবাসী এবং কৃষকরা সন্তোষ প্রকাশ করে বলছেন, ছাত্রলীগ নেতারা কতটুকু ধান কেটে দিলেন বা মাথায় কত বড় বোঝা চাপিয়ে কৃষকের বাড়ি গিয়ে পৌঁছে দিলেন, এর চেয়েও বড় কথা হলো, এই দুঃসময়ে এরা অন্যদেরকে এ ধরনের দায়িত্ববোধে উদ্বুদ্ধ করছেন।