• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

করোনায় বাল্কহেড নৌপরিবহন খাতে বিপর্যয়, অবরুদ্ধ ৩০ হাজার মাঝিমাল্লা, লকডাউনে ২৮ দিনে লোকসান শত কোটি টাকা

করোনার লকডাউন ঘোষণার পর থেকে গত ২৬ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আটকে আছে হাজার হাজার স্টিলবডি বাল্কহেড নৌযান। ফলে বেকার হয়ে কষ্ট-দুর্ভোগে আছেন অন্তত ৩০ হাজার নৌযান শ্রমিক। শ্রমিক ও মালিকদের সংগঠন সূত্রে জানা যায়, লকডাউনে প্রতিদিন শ্রমিক-মালিক মিলিয়ে লোকসান গুনছেন চার কোটি টাকারও বেশী। - পূর্বকণ্ঠ

করোনায় বাল্কহেড নৌপরিবহন খাতে বিপর্যয়
অবরুদ্ধ ৩০ হাজার মাঝিমাল্লা, লকডাউনে
২৮ দিনে লোকসান শত কোটি টাকা

# নাসরুল আনোয়ার :-

করোনায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের নৌপরিবহন খাতে নেমে এসেছে চরম বিপর্যয়। লকডাউনের কারণে প্রায় ছয় হাজার স্টিলবডি বাল্কহেড নৌযান ২৫ মার্চ থেকে দেশের বিভিন্ন স্থানে আটকা পড়ে আছে। এসব নৌযানে সীমান্তের বিভিন্ন স্পট থেকে জ্বালানি ও নির্মাণ সামগ্রী পাথর, কয়লা, বালু প্রভৃতি রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশে সরবরাহ করা হয়ে থাকে। অবরুদ্ধ নৌযানের সঙ্গে বেকার বসে আছেন ৩০ হাজার মাঝিমাল্লাও।
এ শিল্পের সঙ্গে জড়িত নৌযান শ্রমিক ও মালিক সমিতির সদস্যরা জানান, পরিবহন ব্যবস্থা অচল থাকলেও প্রতিটি নৌকা ও মাঝিমাল্লাদের পেছনে প্রতিদিন গড়ে খরচ হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা। সে হিসাবে স্থবির হয়ে পড়া কেবলমাত্র বাল্কহেড নৌপরিবহন খাতে দৈনিক গড়ে লোকসান হচ্ছে কমপক্ষে চার কোটি টাকা। লকডাউনের পর থেকে ১৮ এপ্রিল শনিবার পর্যন্ত ২৬ দিনে মোট আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে শত কোটি টাকার বেশি। লকডাউন দীর্ঘায়িত হলে এ ক্ষতি নৌযানের গরিব মাঝিমাল্লা এবং মালিকদের আর্থিকভাবে একেবারে বিপর্যস্ত করে দেবে।
নৌযান মালিক ও মাঝিমাল্লারা জানান, লকডাউন ঘোষণার পর যে নৌযান যেখানে ছিলো সেখানেই আটকে গেছে। এর মধ্যে অর্ধেক নৌযানে সীমান্ত থেকে মালামাল লোড (ভর্তি) করে দেশের বিভিন্ন এলাকায় রওনা দিয়েছিলো। বহু নৌযান মালামাল আনলোডের (খালাস) পর্যায়েও ছিলো। এছাড়া প্রায় অর্ধেক নৌযান পাথর, কয়লা, বালি প্রভৃতি আনতে সীমান্তের দিকে যাচ্ছিল। তারা সবাই দেশের বিভিন্ন নদীতে আটকে আছে। এরমধ্যে অন্তত এক হাজার নৌযান ভেড়ানো আছে হাওরপারের বাজিতপুর উপজেলার ঘোড়াউত্রা নদীতেই।
সরেজমিন ঘোড়াউত্রা নদীতে গিয়ে দেখা যায়, এর পারের শাহপুর সাতানি থেকে দিঘিরপাড় শিয়ালদীরপাড় এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার বিস্তৃত অঞ্চলজুড়ে বিশাল আকারের সব বাল্কহেড নৌযান নোঙর করে রাখা। এর অধিকাংশই অবশ্য খালি। এসব নৌযানে প্রতিটিতে একজন করে ব্যাপারী ও আরো চারজন করে ভাগিদার আছেন। সবমিলিয়ে প্রায় পাঁচ হাজার মাঝিমাল্লা ওই এলাকায় বেকার বসে আছেন। এদের মধ্যে সরেজমিন দু-চারজনকে পাওয়া গেল।
মাঝিমাল্লাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘোড়াউত্রাপারের প্রায় এক হাজার নৌযান ছাড়াও চট্টগ্রামের বাঁশখালীতে প্রায় ২০০, কর্নফুলী নদীতে ১০০ শতাধিক, সন্দ্বীপে ১০০, কক্সবাজারের খুরুশকুল এলাকায় শতাধিক, নড়াইল সদরের সুলতান ব্রিজ এলাকায় ১৫০, লোহাগড়ার কালনায় ১৫০টি, কিশোরগঞ্জের ভৈরব ও নিকলীতে আরো ১৫০, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০০টি, সুনামগঞ্জ সদর, তাহিরপুর ও ছাতকের বিভিন্ন নদনদীতে আরো প্রায় শতাধিক নৌযান অবরুদ্ধ হয়ে আছে। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জসহ সারাদেশের নৌপথে আরো সহস্রাধিক নৌযান আটক রয়েছে।
পাটুলী গ্রামের মো. জাহিদ মিয়া, মো. মাসুদ মিয়া ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নানের সঙ্গে এ প্রতিবেদকের আলাপ হয়। প্রথমজন বাজিতপুর নৌপরিবহন শ্রমিক সমিতির আহ্বায়ক ও তৃতীয়জন সদস্য সচিব। এ প্রতিনিধিকে তাঁরা জানান, করোনার লকডাউনের কারণে সকল অবরুদ্ধ হয়ে বসে আছেন পাঁচ-ছয় হাজার নৌযানের শ্রমিক। শ্রমিকের সংখ্যা ৩০ হাজারের কম নয়। বেকার অবস্থায় বসে বসে খেতে হচ্ছে সকলকে। তাছাড়া ক্ষতির তালিকায় প্রতিদিন নৌযানের ভাড়াও যুক্ত হচ্ছে।
তাঁরা জানান, মালিকের কাছ থেকে বাৎসরিক ভাড়ায় এসব নৌযান নিয়ে ব্যাপারী ও ভাগিদাররা জ্বালানি ও নির্মাণ সামগ্রী পরিবহন ব্যবসাটা করেন। এরজন্য নৌযান নেওয়ার আগেই মালিকদের অগ্রিম ভাড়া বাবদ পাঁচ-ছয় লাখ থেকে ১০-১২ লাখ টাকা পর্যন্ত জামানত দিতে হয়। ব্যাপারী ও ভাগিরা এলাকার বিভিন্ন এনজিও, মহাজন ও গ্রামের সুদ কারবারিদের কাছ থেকে চড়া সুদে টাকা ঋণ নিয়ে মালিকদের পরিশোধ করে থাকেন। সংশ্লিষ্টরা জানান, এ খাতে সারাদেশের দরিদ্র নৌযান শ্রমিকরা শতকোটি টাকারও বেশি অর্থ জামানত দিয়ে রেখেছেন।
মাঝিমাল্লারা বলছেন, ২৬ দিন ধরে বেকার বসে থাকায় মালিককে দেওয়া জামানতের টাকার সুদ বাড়ছে। বেকার থাকলেও তাঁদের নৌযান প্রহরায় রাখতে হচ্ছে। তাছাড়া অনেক নৌযান মালামাল ভরে ব্যবসায়ীদের ঘাটে ইতিমধ্যে পৌঁছে দিয়েছেন। কিন্তু ব্যাংক বা বিকাশ-রকেট বন্ধ থাকার অজুহাতে ব্যবসায়ী ও ভোক্তারা ভাড়া পরিশোধ করতে গিয়ে গড়িমসি করছেন। এদিকে লকডাউনের সময়টাতে বেকার থাকা মাঝিমাল্লাদের ভাড়া মওকুফের আবেদন অনেক নৌযান মালিক গ্রাহ্য করছেন না।
নৌযান শ্রমিক সমিতি (বাজিতপুর) সূত্র জানায়, সমিতির পক্ষ থেকে গত ২৬ মার্চ নৌযান মালিকদের কাছে চিঠি দিয়ে আপৎকালীন সময়ের ভাড়া মওকুফের আবেদন জানানো হয়েছে। এছাড়া প্রতিটি নৌযানের ব্যাপারী ও ভাগিরা নিজ নিজ নৌযান মালিকের কাছে সরাসরি এ আবেদন জানিয়েছেন। শ্রমিকরা জানায়, মালিকরা এ নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি। যে কারণে বেকার নৌযান শ্রমিকদের মাথায় এখন আকাশ ভেঙে পড়ার যোগাড়।
নৌপরিবহন মালিক সমিতি সূত্রগুলো জানায়, শ্রমিকদের লোকসানের পাশাপাশি নৌযান মালিকদের ভাড়া আদায়ও অনিশ্চিত হয়ে পড়েছে। তবে লকডাউনের সময়টাতে ভাড়া পরিশোধে শ্রমিকদের আপত্তির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। মালিকদের মতে, শ্রমিকদের লোকসানের পাশাপাশি নৌযান মালিকদের ভাড়া আদায়ও অনিশ্চিত হয়ে পড়েছে। শ্রমিকদের দাবি অনুযায়ী ভাড়া মওকুফ করলে প্রতিটি নৌকায় মাসে লোকসান হবে সোয়া লাখ থেকে দেড় লাখ টাকা। সে হিসাবে এক মাসে লোকসান গুনতে হবে মোট প্রায় ৯০ কোটি টাকা।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌযান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহীন খান জানান, দেশের সব বাল্কহেড নৌযানই ঘাটে ঘাটে আটকা পড়ে আছে। ফলে মালিক ও শ্রমিকরা সবাই লোকসানের মুখে পড়েছেন। শ্রমিকদের ভাড়া মওকুফের বিষয়ে তিনি বলেন, ‘দেশ আগে শান্ত হোক। পরে বাল্কহেড ও কার্গো মালিক সমিতিগুলো এ বিষয়ে সম্মিলিতভাবে যে পদক্ষেপ নেবে আমরাও তাই কার্যকর করব’।
বাংলাদেশ বাল্কহেড নৌযান মালিক সমিতির সভাপতি অধ্যাপক তফাজ্জল হাসেন বাদল বলেন, এ খাত থেকে উপার্জিত অর্থের প্রায় অর্ধেকই পান শ্রমিকরা। শ্রমিকদের কাছ থেকে ভাড়া আদায় করলে তাঁদের লোকসান হবে না। বাস্তবতা হচ্ছে, শ্রমিকরা এখন বেকার। নৌযান বসে থাকায় মালিকরা এমনিতেই লোকসানের ভাগিদার। তবে মানবিক কারণে আপৎকালীন সময়টাতে মালিকদের এ লোকসান মেনে নেওয়া দরকার। না-হয় শ্রমিকদের চরম খেসারত দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *