কিশোরগঞ্জে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) উদ্যোগে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবেলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। আজ ৮ ডিসেম্বর বুধবার বিকালে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা সুজন সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ও বিশেষ অতিথি ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের বৈশিষ্ট্য এবং মোকাবেলার উপায় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা ও পরামর্শ প্রদান করেন।
সিভিল সার্জন স্বাস্থ্যবিধি ও টিকা নেয়ার ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, যারা সবসময় সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনেছেন, তারা সংক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছেন। আবার যারা টিকার দু’টি ডোজ গ্রহণ করেছেন, তাদেরও সংক্রমণ ঝুঁকি কমে গেছে। তবে এখনও বহু মানুষ টিকার বাইরে রয়ে গেছে। সরকার সবসময় জনগণের সুরক্ষার জন্য বিদেশ থেকে টিকা আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দফায় দফায় টিকা আনা হচ্ছে। এক সময় ৬০ বছরের বেশি বয়সের মানুষদের টিকা দেয়ার সিদ্ধান্ত ছিল। এখন স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও টিকা দেয়া হচ্ছে। তারপরও এখনও অনেকের মধ্যেই টিকা নেয়ার প্রবণতা কম পরিলক্ষিত হচ্ছে। তিনি উপস্থিত সকলকে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের আহবান জানিয়ে বলেছেন, প্রত্যেকেই যদি যার যার এলাকায় প্রচারণা চালান, মানুষকে উদ্বুদ্ধ করেন, তাহলে টিকা গ্রহণের হার আরও বাড়বে। তাতে আমরা সবাই সুরক্ষিত হব।
তিনি সঠিক নিয়মে মাস্ক পরার আহবান জানিয়ে বলেছেন, দিনে অন্তত দু’বার বা তিনবার মাস্ক পরিবর্তন করে পরতে পারলে সংক্রমণের ঝুঁকি অনেক কমে যাবে। এছাড়া প্রয়োজনমত সঠিক নিয়মে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড করে হাত পরিষ্কার করা এবং পরিধেয় বস্ত্র সঠিক নিয়মে ধুয়ে ফেললে আমরা সবাই সুরক্ষিত থাকবো। তিনি করোনার ভয়াবহ দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমরা সচেতন হলে, নিয়ম মানলে এরকম পরিস্থিতি এড়িয়ে চলতে পারবো।
সহকারী পরিচালক বলেছেন, অমিক্রন নামে নতুন যে ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, সেটি এ পর্যন্ত ৫০ বার তার রূপ পরিবর্তন করেছে। এটি দ্রুত সংক্রমণ ঘটায়। তবে এ ভাইরাসটি এতটা মারাত্মক নয় বলেও গবেষণায় জানা গেছে। আমাদের পাশের দেশ ভারতেও অমিক্রন শনাক্ত হয়েছে। আমাদের দেশে এখনও এ ধরনের রোগী শনাক্ত হয়নি। তবে আমাদের সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে। নিয়মিত মাস্ক পরলে কেবল করোনা নয়, অন্যান্য রোগের ভাইরাস থেকে এবং ধুলোবালি থেকে রক্ষা পাব। তাহলে আরও অনেক রোগ থেকে রাহাই পাব।