কিশোরগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে রোধ বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ ৫ ডিসেম্বর রোববার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সাদিয়া আফসানা রিমা ও ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান। জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদের স্বাগত বক্তব্যের পর উল্লেখিত বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারী সংস্থা পপি’র জেলা সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলম।
জেলা প্রশাসক বলেছেন, আমরা অনেকেই সভায় বসে ভাল ভাল কথা বলি, আবার বাড়িতে গিয়ে কাজের মেয়েদের নির্যাতন করি। নিজেদের সংশোধন করতে হবে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। মামলাও হচ্ছে। এছাড়া বাল্যবিয়ে বন্ধেও কাজ হচ্ছে। সামনে গতি আরও বাড়াতে হবে। এর সুফলও আসবে। তিনি বলেন, বাল্যবিয়ে বন্ধের জন্য আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বা স্থানীয় সরকারের প্রতিনিধিকে ক্ষমতা দেয়া হয়েছে। কাজেই খুব সহজেই জনগণ বাল্যবিয়ে বন্ধের উদ্যোগ নিতে পারে।
সহকারী জজ বলেছেন, নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক আলাদা রকমের অপরাধ। অনেক আইনজীবী সহজে মামলা সাজানোর সুবিধার্থে নির্যাতনের বিষয় বাদ দিয়ে যৌতুকের মামলা সাজান। যে কারণে প্রমাণের অভাবে ভিকটিম সুবিচার পান না। এসব বিষয়ে বাদীদের ধারণা না থাকায় বিচারককে দায়ী করেন। অথচ এক্ষেত্রে বিচারকের পক্ষে আইনের বাইরে গিয়ে রায় দেয়ার কোন সুযোগ নেই। কাজেই মামলাটি যেন যথাযথ নিয়মে করা হয়, সে ব্যাপারে সতর্ক থাকার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান। তিনি আরও বলেন, ১৭ কোটি জনগণের জন্য দেশে বিচারক আছেন মাত্র ১৭শ’ জন। ডেপুটেশনে আছেন আরও ২শ’ জন। ফলে অনেক সময় রাতের বেলায়ও আদালতের বিচারকাজ চালাতে হচ্ছে।
ডেপুটি সিভিল সার্জন বাল্যবিয়ের কুফল সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, একজন মেয়ের বিয়ের যেমন উপযুক্ত বয়স রয়েছে, সন্তান ধারণেরও উপযুক্ত বয়স এবং শারীরিক সক্ষমতার বিষয় রয়েছে। অসময়ে সন্তান ধারণ করে মা এবং শিশু দু’জনই ঝুঁকিতে পড়ে যায়। নানা শারীরিক জটিলতা যেমন দেখা দেয়, স্বামীরও অন্যদিকে মন চলে যায়। প্রথম স্ত্রী ছেড়ে দ্বিতীয় বিয়ের দিকে ধাবিত হয়। কাজেই বাল্যবিয়ের ভুল পরিবারকে সারা জীবন বয়ে বেড়াতে হয়।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার মাকসুদা, করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুজলিন শহীদ চৌধুরী, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, নিকলী থানার পরিদর্শক (তদন্ত) আনিসুল হক, তাড়াইলের মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, তাজমল খান হাইস্কুলের প্রধান শিক্ষক তাসলিমুর রহমান, জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম, পাকুন্দিয়ার একজন ভিকটিম নিলুফার এবং হোসেনপুরের নিজের বাল্যবিয়ে প্রতিরোধকারী তানিয়া আক্তার মুক্তা।
অন্যান্য বক্তা বলেছেন, অনেক অভিভাবক মেয়ের বিয়ে জন্য মোটা অংকের যৌতুক খরচ করেন। অথচ এই টাকাটা যদি মেয়েকে শিক্ষিত করার কাজে বিনিয়োগ করেন, তাহলে মেয়েটি শিক্ষিত হয়ে উপার্জনক্ষম হতে পারে, স্বাবলম্বী হতে পারে। এখন প্রত্যেক থানায় নারী ও শিশু নির্যাতন বিষয়ে মামলা বা অভিযোগ নেয়ার জন্য আলাদা ডেস্ক করা হয়েছে। কাজেই থানায় গিয়ে যে কোন ভিকটিম আইনী সহায়তা নিতে পারে। কিশোরগঞ্জে ইতোপূর্বে এফিডেভিটের মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্যবিয়ে সংঘটিত করার জন্য অসদাচরণের দায়ে তিনজন নোটারী পাবলিকের সনদ বাতিল করা হয়েছে। এখনও কোন কোন নোটারী পাবলিক এসব কাজ চালিয়ে যাচ্ছেন বলে বক্তাগণ অভিযোগ করেন। কোন কোন অসৎ কাজীও বাল্যবিয়ের কাজে সহযোগিতা করছেন বলে জানানো হয়েছে। বাল্যবিয়ের বিরুদ্ধে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, এরকম শাস্তি অন্তত কয়েকটি ঘটনায় নিশ্চিত করতে পারলে এ ধরনের বাল্যবিয়ের প্রবণতা অনেক কমে আসবে বলেও বক্তাগণ মন্তব্য করেন।
মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, করোনাকালে জেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৩ জন শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। ৭টি দাখিল মাদ্রায় ৬৭ জন শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে একই সময়ে ৪০ জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। ২০২০ সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত মোট ধর্ষণের মামলা হয়েছে ৫৯টি। ২০২১ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ধর্ষণ মামলা হয়েছে ৫৮টি। ২০২০ সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ১৫৩টি। ২০২১ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ১৯৬টি।