• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ইউরিয়া সঙ্কটে হুমকির মুখে আমন চাষ

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ইউরিয়া সারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে রোপা আমনের আবাদ। বিসিআইসি ডিলাররা ইউরিয়া সার উত্তোলন করলেও এলাকায় না এনে বাড়তি মুনাফা পেয়ে বাইরে বিক্রি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আবার কেউ কেউ ইউরিয়া মজুদ রেখে ৮শ’ টাকার বস্তা সাড়ে ৮শ’ থেকে ৯শ’ টাকায় বিক্রি করছেন বলেও একটি সূত্র জানিয়েছে। এদিকে বিএডিসির ডিলাররা ইউরিয়া সারের বরাদ্দ না পেলেও এলাকার চাষীরা ইউরিয়ার জন্য তাদের ঘেরাও করছেন বলে জানা গেছে।
কিশোরগঞ্জসহ সারা দেশেই দুই শ্রেণির ডিলারের মাধ্যমে চাষীরা সার পেয়ে থাকেন। কিশোরগঞ্জ জেলায় বিসিআইসির ডিলার রয়েছেন ১৭৫ জন, আর বিএডিসির ডিলার রয়েছেন ৮৬ জন। এর মধ্যে বিসিআইসির ডিলাররা ইউরিয়া সরবরাহ করলেও বিএডিসির ডিলাররা সরবরাহ করেন কেবল বিভিন্ন জাতের ননইউরিয়া সার। কিন্তু বর্তমান আমন মৌসুমে এলাকায় ইউরিয়ার সঙ্কটে চাষীরা ডিলারদের শ্রেণিভেদ না জেনে ইউরিয়ার জন্য বিএডিসির ডিলারদের ঘেরাও করছেন। তাদের দোকানে তালা ঝুলিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন বলে জানা গেছে। কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার বিএডিসির ডিলার সুরুজ মিয়া জানান, তার দোকানে কয়েকদিন ধরে এলাকার চাষীরা এসে ইউরিয়ার জন্য চাপ দিচ্ছেন এবং তাকে বের করে দিয়ে দোকানে তালা দেয়ার হুমকি দিচ্ছেন। এরকম অন্য ডিলারদেরও চাপের মুখে পড়তে হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এ ধরনের পরিস্থিতির সুযোগ নেন কিছু অসাধু ব্যবসায়ী। তারা চাষীদের জিম্মি করে গোপনে বাড়তি দামে সার বিক্রির অপচেষ্টায় লিপ্ত হন বলে কয়েকজন মন্তব্য করেছেন। তারা প্রতিটি সার সরকার নির্ধারিত দামের দেড় গুণ দ্বিগুণ দামে বিক্রি করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব সাইফুল আলমের সঙ্গে ইউরিয়া সঙ্কটের বিষয়ে কথা বললে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান। তবে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এদিকে বিসিআইসি ডিলার সমিতি বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হেকিম জানিয়েছেন, মূলত চাহিদার তুলনায় ইউরিয়ার বরাদ্দ কম পাবার কারণে এই সঙ্কট তৈরি হয়েছে। তবে এক হাজার টন ইউরিয়ার উপবরাদ্দ পাওয়া গেছে। এগুলি উত্তোলন করে এলাকাভিত্তিক বিতরণ করতে পারলে আপাতত সঙ্কট থাকবে না বলে তিনি মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *