কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সাবেক দু’বারের এমপি বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. মিজানুল হককে (৭৬) আশঙ্কাজনক অবস্থায় আজ ২৮ জুলাই বুধবার বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বেশ কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত রয়েছেন। স্বাভাবিক বাকশক্তিও হারিয়ে ফেলেছেন। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও তিনি উচ্চ মাত্রার ডায়াবেটিসে আক্রান্ত।
তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন। আর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেয়া হয়েছিল। তিনি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাধারণ সম্পাদকও ছিলেন। তিনি অত্যন্ত সততার সঙ্গে জীবনযাপন করেছেন এবং রাজনীতি করেছেন। ফলে এখন তিনি প্রচণ্ড আর্থিক সঙ্কটে রয়েছেন বলে তার রাজনৈতিক শুভানুধ্যায়ীরা জানিয়েছেন। যে কারণে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করারও কোন সামর্থ্য তার নেই।