• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে দ্বিতীয় ল্যাবের চেষ্টা, গাজী মেডিক্যাল ল্যাবেও বিপত্তি, নমুনা গেছে ময়মনসিংহে

কিশোরগঞ্জে দ্বিতীয় ল্যাবের চেষ্টা
গাজী মেডিক্যাল ল্যাবেও বিপত্তি
নমুনা গেছে ময়মনসিংহে

# মোস্তফা কামাল :-

করোনা মহামারিতে নমুনা পরীক্ষা বাড়াতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের বিদ্যমান পিসিআর ল্যাবের পাশাপাশি আরও একটি স্থায়ী পিসিআর ল্যাব স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এদিকে বিদ্যমান পিসিআর ল্যাবটি ১০দিন ধরে বন্ধ। ফলে জেলায় ভয়াবহ সংক্রমণের এই সময়কালে জেলা স্বাস্থ্য বিভাগকে নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তে হিমশিম খেতে হচ্ছে। তবে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজে সংগৃহীত নমুনাগুলো এই ক’দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হতো। কিন্তু ওই ল্যাবের স্টাফ সংক্রমিত হয়ে পড়ায় ৪০০ নমুনা পরীক্ষার প্রতিবেদন গতকাল ১৭ জুলাই শবিবার আসেনি বলে সিভিল সার্জন জানিয়েছেন। আর গাজী মেডিক্যালের ল্যাবে সমস্যা হবার কারণে আজ ১৮ জুলাই রোববার কিশোরগঞ্জ থেকে ৩০০ নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহের ল্যাবে পাঠানো হয়েছে।
এদিকে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে পিসিআর ল্যাবটির কোন কারিগরি সমস্যা নেই। কেবল জীবানুতে আক্রান্ত হয়ে আছে। ফলে জীবানুমুক্তকরণের কাজটি করা হবে। এর মধ্যে একদিন নমুনা পরীক্ষার ট্রায়াল দিয়ে বেশ কিছু নেগেটিভ নমুনা পজিটিভ হয়েছে। যে কারণে ল্যাবের সরবরাহকারী প্রতিষ্ঠান স্টার লিংকের বিশেষজ্ঞ দল ১৮ জুলাই রোববার কিশোরগঞ্জে আসার কথা রয়েছে। এরা ল্যাবটিকে জীবানুমুক্ত করলে মঙ্গলবার থেকে আবার এখানে নমুনা পরীক্ষা শুরু করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, করোনা মহামারি যেহেতু সহজে যাবে বলে মনে হয় না, ফলে এই মেডিক্যালে আরও একটি স্থায়ী পিসিআর ল্যাব স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। নতুন ল্যাব স্থাপনের জন্য এলজিইডির সহায়তায় কলেজ ক্যাম্পাসে একটি স্থানও নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবটি গৃহীত হলে এখানে আরও একটি পিসিআর ল্যাব স্থাপন হবে। তাহলে আগামী দিনে নমুনা পরীক্ষায় কোন সমস্যায় পড়তে হবে না বলে তিনি মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *