ভৈরবের আলোচিত স্কুল ছাত্র একেএম মহিউদ্দিন প্রবাল হত্যাকাণ্ডের প্রধান আসামি অন্তর আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ ১০ জুন বৃহস্পতিবার বেলা ১২ টায় কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করেছে বলে জানা গেছে।
ঘটনা সূত্রে জানা যায়, নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ভৈরব বেসরকারি মাতৃকা জেনারেল হাসপাতালের মালিক হোসাইন ভূঁইয়ার ছেলে মহিউদ্দিন প্রবালকে গত ১ জুন মঙ্গলবার ভৈরব বাসস্ট্যান্ড জিল্লুর রহমান এর মালিকানাধীন শাকিল মটরস্ নামে একটি দোকান ঘরে হত্যা করা হয়। খবর পেয়ে দোকান ঘর থেকে লাশ উদ্ধার করে অপরাধ তদন্ত বিভাগের সিআইডি সদস্যরা। এ ঘটনায় গত ৩ জুন বৃহস্পতিবার প্রবালের বাবা হোসেন ভূইয়া বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় কিশোর গ্যাং লিডার অন্তরকে প্রধান আসামি করে ৬ জনের নামে মামলা করা হয়। এর মধ্যে অন্তর এর বাবা জিল্লুর রহমান, ভাই নয়ন ও অনিক রয়েছে। এছাড়া রয়েছেন সহযোগী রাজন ও তৌফিক। গত ৪ জুন শুক্রবার এজাহারভূক্ত আসামি রাজন ও তৌফিককে আটক করে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এছাড়াও পরদিন ৫ জুন শনিবার সাকিব নামে এক কিশোরকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে হত্যা রহস্যের কিছুটা উদঘাটন হলেও বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে। গত ৮ জুন মঙ্গলবার মামলার এজাহারভূক্ত প্রধান আসামি অন্তরের বাবা মো. জিল্লুর রহমানকে আটক করা হয়। পর দিন ৯ জুন বুধবার জিল্লুর রহমানকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) রফিকুল আলম জানান, আমাদের অভিযানের তৎপরতা দেখে লুকিয়ে থাকতে পারেনি অন্তর। তাই আজ সে নিজ থেকে কিশোরগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেছে। যদি সে নিজ থেকে আত্মসমর্পণ না করতো তাহলে আমরা ৪৮ ঘণ্টার ভেতর অন্তরকে গ্রেফতার করে ফেলতাম। কারণ আমাদের কাছে এরকম তথ্য ছিল যে, সে বেশীদিন লুকিয়ে থাকতে পারেনি।