সরকারের ঘোষিত ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করে কিশোরগঞ্জে বাম গণতান্ত্রিক জোট মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ ১০ জুন বৃহস্পতিবার সকালে শহরের সৈয়দ নজরুল চত্বরে সমন্বয়ক আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাশেম, বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মো. মাসুদ মিয়া প্রমুখ। বক্তাগণ বলেন, বিশাল অঙ্কের বাজেট ঘোষণা করা হলেও সেখানে গরিব ও মধ্যবিত্তদের স্বার্থ রক্ষা করা হয়নি, রক্ষা করা হয়েছে ধনীদের স্বার্থ। দুর্নীতিকে ধামাচাপা দিতে এবং উৎসাহিত করতে কালো টাকা আবারও সাদা করার সুযোগ দেয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির মত জনগুরুত্বপূর্ণ খাত অবজ্ঞার শিকার হয়েছে। নিত্যপণ্যের দামের ওপর ইতোমধ্যে বাজেটের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। সাধারণ মানুষ দিন দিন নিঃস্ব হয়ে যাবে, পথে বসবে। বক্তাগণ ঘোষিত বাজেট প্রত্যাখ্যান করে জনগুুত্বপূর্ণ খাতগুলোতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন।