ভৈরব থানায় সিসি ক্যামেরা উদ্বোধন করলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) বার। আজ ৯ জুন বুধবার বিকাল ৪টায় ভৈরব থানার ডিউটি অফিস রুমে এই সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিঁনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) বার বলেন, স্থানীয়দের সহযোগিতা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন এর পরোক্ষ তত্ত্বাবধানে আজ সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে ভৈরব থেকে অচিরেই অপরাধ সংঘটিত এলাকাগুলো সিসি ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করে অপরাধী সনাক্ত করে তাদের বিচারের আওতায় এনে ভৈরব থেকে অপরাধ নির্মূল করা যাবে। এই সিসি ক্যামেরার সুফল পাওয়া যাবে খুব দ্রুত। কারণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে অপরাধীগুলো অপরাধ করতে ভয় পাবে। পুলিশ ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করবে। এ সময় তিঁনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ভৈরবে এ পর্যন্ত যতগুলো ছিনতাইকারীদের হাতে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সবগুলো আসামিই সনাক্তসহ গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগে ভৈরব ব্রীজে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল ভৈরব থানা পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের ধরতে সক্ষম হয়েছে। আজ যে হত্যাকাণ্ড ভৈরবের নাটালের পাশে হয়েছে এটিও খুব দ্রুত আসামিদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করবে পুলিশ। তিঁনি আরো বলেন, ভৈরবে কিশোর গ্যাং বলতে কিছু নেই। তবে কিছু বখাটে ছেলেদের উৎপাত রয়েছে। অভিভাবকগণ সচেতন হলে এ বখাটেপনাগুলো নির্মূল করা যাবে খুব সহজে। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে ভৈরব থানা কমপ্লেক্স মাঠে মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও জঙ্গি বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদেন তিঁনি।
ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের, কিশোরগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, ভৈরব কুলিয়ারচর জোনের সহকারী পুলিশ সুপার এএসপি রেজওয়ান দীপু, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব অধ্যাপক লুৎফর রহমান ফুলু, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে সার্বিক সঞ্চালনায় ছিলেন, ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকী। এ সময় সমাবেশে ভৈরব থেকে ছিনতাই, মাদক, ধর্ষণ, বাল্য বিবাহ ও জঙ্গি নির্মূলে ভৈরবের নেতৃবৃন্দের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) বার। এ সময় তিঁনি বলেন, ভৈরবে সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে ভৈরবকে একটি মডেল থানা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।