# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় পণ্যসহ রাতুল মিয়া (৩৮) নামে ১ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ৩ আগস্ট রোববার বেলা সাড়ে ১২টায় ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের ১নং প্লাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ। আটককৃত চোরাকারবারি রাতুল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলার ফেরদৌস মীরের ছেলে।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাতুল মিয়া নামের এক চোরাকারবারিকে প্রথমে দেখে সন্দেহ হলে তার সাথে থাকা দুইটি বড় কার্টুন তল্লাশি করে বিপুল পরিমাণের ভারতীয় পণ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে রেলওয়ে থানায় নেয়া হয়।
এ বিষয়ে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ বলেন, চোরাকারবারি রাতুল মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া থানায় চোরাচালানের মামলা রয়েছে। রাতুলকে আটকের পর তার সাথে থাকা ভারতীয় পণ্য সাবান, ক্রিম, পাউডার, স্নোসহ বিভিন্ন পণ্য পাওয়া যায়। সে দীর্ঘদিন সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় পণ্য ক্রয় বিক্রি করে আসছে। আইনি প্রক্রিয়া শেষে রাতুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।