# মিলাদ হোসেন অপু :-
“ছিনতাই আর ধর্ষণ সইবে না আর জনগণ” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে মশাল মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ১১টায় বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকা থেকে সারাদেশের ধর্ষণ, নিপীড়ন ও ভৈরবের ছিনতাইয়ের প্রতিবাদে এই মশাল মিছিলটি শুরু হয়ে পৌর শহিদ মিনার এর সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরিফুল হক জয়, যুগ্ম-আহ্বায়ক আতিকুজ্জামান আলভি, অন্যতম সদস্য আলফাজ হোসাইন, ভৈরব ছাত্র আন্দোলন প্রতিনিধি মোহাম্মদ কাইজার, আহমেদ রোহান, ইফতি শিকদার, রিসান কবির, মেহেদি ও সোহেল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছিনতাই, ধর্ষণসহ গোটা দেশের সকল অরাজকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার এখনি সময়। সারাদেশের ধর্ষণ, নিপীড়ন ও ভৈরবের ছিনতাই বন্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। স্বৈরাচারের দোসরা এদেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যেতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর ঘরে বসে থাকবে না। যেখানে অন্যায় অবিচার সেখানেই আমাদের ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে।
এ সময় কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরিফুল হক জয় বলেন, ৫ আগস্টের পর থেকে প্রশাসনের প্রতি মানুষের তৈরি অনাস্থা ও চলমান নারী শিশুদের উপরে সহিংসতা ও ধর্ষণগুলোর প্রতিবাদে এবং ভৈরবে চলমান ছিনতাই এর বিরুদ্ধে আজকের মশাল মিছিল। ভৈরবে ব্যাপক হারে ছিনতাই বেড়ে গেছে। ভৈরবের মানুষের গলার কাটা হয়ে গেছে ছিনতাইকারীরা। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সারা দেশের ধর্ষকদের ও ভৈরবের ছিনতাইকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। এছাড়া আসামিরা যেন দ্রুত জামিন না পায় সেদিকে সকলকে সোচ্চার হতে হবে। ভৈরবের ছিনতাই প্রতিরোধ করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।