# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও ছাত্র আন্দোলনে হামলায় আহতের ঘটনার অভিযোগে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হানকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ ৩ নভেম্বর রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে সাখাওয়াত উল্লাহ (৫২)। তিনি সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী ও সাবেক বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের উপদেষ্টা এবং ভৈরব উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। অপর জন ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত আব্দুল রহিম মিয়ার ছেলে আব্দুল হেকিম রায়হান (৫২)। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহারভূক্ত আরো ১৪ জন ও অজ্ঞাত ৪ জন নেতাকে আটক করা হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি আব্দুল হাই চৌধুরী বলেন, গত ১৯ জুলাই সাখাওয়াত উল্লাহ ও আব্দুল হেকিম রায়হানসহ অন্যান্য আসামিরা বেআইনি ভাবে জনতাবদ্ধে হয়ে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করে। এ ঘটনায় আহত মামুন মিয়া, বিএনপির নেতা রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় ও আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানে ডিএমপির ধানমন্ডি থানা এলাকা থেকে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর একান্ত সচিব আওয়ামী লীগ নেতা সাখাওয়াত উল্লাহ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় সাখাওয়াত উল্লাহ ও আব্দুল হেকিম রায়হান জড়িত ছিল বলে স্বীকার করেছে। এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ২ জনকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।