# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে ‘দলীয়/ লেজুরবৃত্তিক’ রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন স্বাক্ষরিত এ ধরনের একটি নোটিশ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনের নোটিশ বোর্ডে টানানো হয়েছে।
‘অফিস আদেশ’ শিরোনামে নোটিশে লেখা হয়েছে, ‘আদিষ্ট হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ-এর সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে অদ্য ১৭/০৯/২৪ খ্রি. তারিখ থেকে নামে-বেনামে সকল ধরনের দলীয়/লেজুরবৃত্তিক রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. নূরুজ্জামান, ট্রেজারার অধ্যাপক মো. ইমান আলী ও প্রতিটি বিভাগসহ সংশ্লিষ্ট সকলকে। ট্রেজারার অধ্যাপক মো. ইমান আলী এ প্রতিনিধিকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা মোতাবেকই এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র সংসদ থাকবে, কিন্তু কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না।