# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন ও সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমানের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কৃত নেতা হলেন পৌর বিএনপির সদস্য ফয়েজ উল্লাহ।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভৈরব পৌর শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভৈরব পৌর শাখার অধীনে ০১নং ওয়ার্ড পূর্নাঙ্গ কমিটির সদস্য মো. ফয়েজ উল্লাহ’কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ভৈরব পৌর শাখার সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে মো. ফয়েজ উল্লাহ’র সাথে কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান বলেন, বিএনপি সদস্য ফয়েজ উল্লাহ’র বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমানও রয়েছে। জেলা বিএনপির সাথে আলোচনা করে তাদের নির্দেশনায় ফয়েজ উল্লাহকে বহিষ্কার করা হয়েছে।