# আলমগীর পাঠান :-
সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে নরসিংদীর বেলাব উপজেলার গ্রাহকদের জামানতের টাকা নিয়ে পালিয়েছে “পল্লি সেবা কর্মসূচি” নামের একটি এনজিও। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওই এনজিওর অফিসে তালা ঝুলতে দেখা গেছে।
জানা যায়, এক সপ্তাহ আগে বেলাব বাজার টিএনটি রোড হাজী সাফি উদ্দিনের বাড়িতে ভাড়া নিয়ে এনজিওটির অফিস শুরু করে একটি প্রতারক চক্র। অল্প জামানতে এক থেকে দুই লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামের মানুষজনের কাছ থেকে টাকা সংগ্রহ করেন এনজিওটির কর্মকর্তারা। অল্প কয়েক দিনেই তারা শতাধিক মানুষের কাছ থেকে প্রায় দশ থেকে বারো লাখ টাকা সংগ্রহ করেন। বৃহস্পতিবার সকালে গ্রাহকদের লোন দেওয়ার কথা ছিল। কিন্তু গ্রাহক আসার পূর্বেই উক্ত এনজিও ম্যানেজার কৌশলে টাকা নিয়ে পালিয়ে গেলেও মাঠ কর্মী জামাল হোসেনকে আটক করেন গ্রহকরা। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ম্যানেজার আশ্বস্ত করলেও এক পর্যায়ে তার ফোন বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগীরা টাকা উদ্ধারের পাশাপাশি প্রতারকদের শাস্তি দাবি করেছেন।
মাঠ কর্মী জামাল হোসেন বলেন, আমি মাত্র ৫ দিন হলো এখানে চাকরি নিয়েছি, আমাকে কোনো নিয়োগ পত্র দেয়নি, গ্রাহকের কাছ থেকে টাকা উত্তোলনের সময় আমি স্যারের সাথে এলাকায় গিয়েছি। স্যার বলেছে আগামী শনিবার সবাইকে টাকা দিবে।
প্রতারণার স্বীকার চর বাঘবের লোহাজুরি কান্দা গ্রামের অনুফা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার কাছ থেকে দশ হাজার পঞ্চাশ টাকা নিয়েছে। বলেছে আমাকে সহজ শর্তে আজ আমাকে এক লক্ষ টাকা ঋণ দিবে। কিন্তু আজ এসে দেখি সবার টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এখন আমার স্বামীকে কি বলবো। কি ভাবে বাড়ি যাব। আমি আমার টাকা ফেরত চাই।
উপজেলার দিঘলদী কান্দা গ্রামের লিটন মিয়া বলেন, আমরা গরীব মানুষ আমাদের সাথে প্রতারণা করেছে। আমার কাছ থেকে দশ হাজার পঞ্চাশ টাকা নিয়েছে, বলেছে আমাকে ১ লক্ষ টাকা লোন দিবে। কিন্তু এসে দেখি ম্যানেজার পালিয়ে গেছে।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার সাকিল আহম্মেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, শনিবারে এসে গ্রাহকের টাকা দিয়ে দিব।
বেলাব থানার (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।