• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন |
  • English Version

দায়িত্বে অবহেলা গাফিলতির দায়ে ভৈরব থানার এসআই ফারুককে প্রত্যাহার

দায়িত্বে অবহেলা গাফিলতির দায়ে
ভৈরব থানার এসআই
ফারুককে প্রত্যাহার

# মো. আল আমিন টিটু :-

কিশোরগঞ্জের ভৈরবে গত ১০ মার্চ দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণে থানা হাজত থেকে সাইদুর নামে এক আসামীর পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরদিন কয়েকটি গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের। ফলে ১২ মার্চ গভীর রাতে সাইদুরকে ফের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। দু’সপ্তাহ তদন্তশেষে আজ ২ এপ্রিল শুক্রবার দুপুরে দায়িত্বে অবহেলা ও গাফিলতির দায়ে ভৈরব থানার এসআই ওমর ফারুককে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার দিন তিনি থানায় ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভৈরব থানায় মাত্র এক মাস আগে এসআই হিসেবে ওমর ফারুক যোগদান করেছিলেন।
জানা যায়, ভৈরব উপজেলার শিমুলকান্দি গ্রামের সাইদুরের বিরুদ্ধে মাদকের সিআর মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন আদালত। গত ১০ মার্চ বিকেলে ভৈরব থানার এসআই আব্দুস সালাম কান্দিপাড়া এলাকা থেকে সাইদুরকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখেন। এসময় ডেউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এসআই ওমর ফারুক মিয়া। পরে তাকে রাত ৯টার দিকে খাবার দেয়া হয়। এরপর সাইদুর পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাজতখানার গ্রীল বেয়ে পালিয়ে যায়। যদিও পুলিশ দাবী করেছিল, সাইদুর হাজতখানা থেকে পালিয়ে যায়নি। আটকের পর অসুস্থ হয়ে পড়ায় সাইদুরকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এই ঘটনার দু’দিন পর ১৩ মার্চ রাতে পুলিশ তাকে উপজেলার ভবানীপুর থেকে ফের গ্রেপ্তার করে।
এ প্রসঙ্গে ভৈরব থানার ওসি মো. শাহিন মুঠোফোনে জানান, ওমর ফারুককে প্রশাসনিক কারণে ভৈরব থানা থেকে প্রত্যাহার করে অন্যত্র বদলি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *