• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

করোনা টিকার একমাস পরই দ্বিতীয় ডোজ চাই ……. মোস্তফা কামাল

করোনা টিকার একমাস
পরই দ্বিতীয় ডোজ চাই
  …. মোস্তফা কামাল

করোনা সংক্রমণ এখন সারা দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। কাজেই ১২ মাস পেরিয়ে ১৩ মাসের সুরক্ষার চিন্তা থেকে প্রথম ডোজের দুই মাস পর দ্বিতীয় ডোজের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, সেটা পরিবর্তন করে এই মুহুর্তের সুরক্ষার কথা চিন্তা করা উচিত বলে আমি মনে করি। প্রথম ডোজ নেওয়ার একমাস পরই দ্বিতীয় ডোজ দেওয়া উচিত বলে আমি মনে করছি।
আমরা অক্সফোর্ডের টিকা গ্রহণ করছি। অক্সফোর্ড বলেছিল, প্রথম ডোজ নেওয়ার একমাস পর দ্বিতীয় ডোজ নিতে হবে। আর গত ৭ ফেব্রুয়ারি যখন সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচী শুরু হয়, তখন টিকা গ্রহণকারীদের নিবন্ধন কার্ডেও একমাস পর দ্বিতীয় ডোজের তারিখ লিখে দেওয়া হয়েছিল। কিন্তু সেসময় করোনা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছিল। গত ১৩ ফেব্রুয়ারি সারা কিশোরগঞ্জ জেলায়ও মোট রোগি ছিল মাত্র ৭ জন। এরকম পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলো, প্রথম ডোজ নেওয়ার দুই মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তাহলে শেষের দিকে গিয়ে একমাস বেশি সুরক্ষা পাওয়া যাবে।
এখন সারাদেশের অবস্থাই বেশ নাজুক। মাত্র একমাস ১০ দিনের ব্যবধানে কিশোরগঞ্জ জেলায়ও এখন চিকিৎসাধীন রোগি আছেন ৭ জনের স্থলে ১৩২ জন। ফলে ১২ মাসের জায়গায় ১৩ মাসের সুরক্ষার চেয়ে এই মুহুর্তের সুরক্ষার কথা ভাবা উচিত বলে আমি মনে করি। কিশোরগঞ্জে একটা ভয়ানক দৃষ্টান্তও তৈরি হয়েছে। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান গত ৭ ফেব্রয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। এর প্রায় দেড়মাস পর তিনি সপরিবারে আক্রান্ত হয়েছে। অথচ তাকে যদি প্রথম ডোজের একমাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হতো, তাহলে তো তার আক্রান্ত হওয়ার কথা ছিল না। আর এখন যদি তিনি সুস্থ হয়ে ওঠেন, তাহলেও নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে তো তাকে আর দ্বিতীয় ডোজও দেওয়া যাবে না। কিশোরগঞ্জসহ সারা দেশে আরো অনেকেই প্রথম ডোজ নেওয়ার পর আক্রান্ত হয়েছেন।
কাজেই, বছর শেষে একমাস বেশি সুরক্ষার কথা না ভেবে এই মুহুর্তের সুরক্ষার কথা ভাবা উচিত। ফলে যাদের প্রথম ডোজ নেওয়ার একমাস পেরিয়ে গেছে, তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া উচিত বলে মনে করছি। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *