ভৈরবে কাবাডি খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ শুক্রবার বিকালে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ফাইনাল খেলায় পৌরসভা দল শিমুলকান্দি ইউনিয়ন কাবাডি দলকে ৩৯-২৩ পয়েন্টে হারিয়ে শিরোপা জয় করে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় নূরুদ্দিন।
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এবং জাতীয় এ খেলার আয়োজন করে। গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া এই টুর্ণামেন্টে উপজেলার ৭ ইউনিয়নের ৭টি এবং পৌর এলাকার একটি দল অংশ গ্রহণ করে। নিজেদের গ্রুপের অন্যান্য দলকে হারিয়ে ফাইনালে উঠে ভৈরব পৌর এলাকার কাবাডি দল ও শিমুলকান্দি ইউনিয়ন কাবাডি দল।
বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক হাজির হয় এই ফাইনাল খেলাটি দেখতে। খেলা চলাকালে নিজ নিজ সমর্থিত দলের পক্ষে তারা করতালির মাধ্যমে উৎসাহ যোগাতে দেখা যায়।
খেলা শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি লুবনা ফারজানা, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার রেজোয়ান দীপু, সহ-সভাপতি ও অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ ও ক্রীড়া সংস্থা এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলের হাতে ট্রপি ও মেডেল তুলে দেন।
এ সময় অতিথি বক্তারা এই টুর্ণামেন্টের উদ্দেশ্য তুলে ধরে বলেন, গ্রাম-বাংলার এতিহ্য ও জাতীয় এ খেলাকে আবারও জাগিয়ে তুলতে জাতির জনকের জন্মশতবার্ষিকীতে এই আয়োজন করা হয়েছে। আমরা চাই ভৈরবের প্রতিটি গ্রামে, পাড়া-মহল্লায় এই খেলার চর্চা হোক।
খেলায় উপস্থিত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরদের উদ্দেশ্যে এ সময় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধূলা কাবাডি, দাড়িয়াবান্দা, হাডুডু, গোল্লাছুট, বউছি, লাঠিখেলা ইত্যাদি খেলার আয়োজন করবেন। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা আর্থিকসহ সব রকমের সহায়তা দিবে।