• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাজিতপুরে এক কৃষকের নামে ডিজিটাল আইনেও মামলা, গ্রেফতার হলেন প্রধান আসামী ফেসবুক স্টেটাস সিআইডিতে

কৃষক আবু জামান

বাজিতপুরে এক কৃষকের নামে
ডিজিটাল আইনেও মামলা
গ্রেফতার হলেন প্রধান আসামী
ফেসবুক স্টেটাস সিআইডিতে

# মোস্তফা কামাল :-

বাজিতপুরের গজারিয়া গ্রামের মৃত হাছেন আলীর চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়া ছেলে কৃষক আবু জামান (৪৫) ও আল আমিন নামে (২৫) অপর একজনের নামে কটিয়াদী মডেল থানায় ৫ মাস আগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার প্রধান আসামী আল আমিনকে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। আর কৃষক আবু জামান পালিয়ে বেড়াচ্ছেন। আবু জামানের সঙ্গে জমি নিয়ে বিরোধে কয়েক বছর ধরে প্রতিবেশি গিয়াস উদ্দিনের মামলা চলছে। গিয়াস উদ্দিন ইতোমধ্যে মারা গেছেন। অবশেষে আবু জামানকে ফাঁসাতে মৃত গিয়াস উদ্দিনের ছেলে মিজানুর রহমান শিকদার (৪৩) ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় মামলা (মামলা নং ১৯) করেছেন। কৃষক আবু জামান চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। তার কোন স্মার্টফোন নেই। তিনি ফেসবুক কি জিনিস বোঝেন না; আইডি খুলে চালানো তো দূরে থাক। তবে আবু জামানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি আল আমিন (২৫) নামে অন্য একজনের যোগসাজশে ফেসবুকের মাধ্যমে বাদী মিজান শিকদারের মৃত বাবার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার করেছেন। আর এই অভিযোগে গত বছর ১৯ অক্টোবর কটিয়াদী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আল আমিনকে প্রধান ও আবু জামানকে দ্বিতীয় আসামী করে মামলাটি করা হয়েছে। এরপর থেকে আবু জামান পরিবার ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
তবে মামলায় কথিত ফেসবুক স্টেটাসটি থানা থেকে সিআইডি’র বিশেষজ্ঞ দলের কাছে পাঠানো হয়েছে বলে কটিয়াদী থানার ওসি এসএম শাহাদত হোসেন এ প্রতিনিধিকে জানিয়েছেন। তদন্তে মামলাটি বানোয়াট প্রমাণিত হলে বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে কারো আলাপচারিতা অন্য কেউ ফেসবুকে ছড়িয়ে দিলে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে আসামী করা সমিচীন কি না, প্রশ্ন করলে ওসি এ প্রতিনিধিকে জানান, যেহেতু মামলার এজাহারে আল আমিনের যোগসাজশে ফেসবুকে কুৎসার রটানোর কথা উল্লেখ করা হয়েছে, সেই কারণেই কৃষক আবু জামানকে আসামী করা হযেছে। এ আইনের ৩১ ধারাটি যোগসাজশের ধারা বলে ওসি জানিয়েছেন। মামলাটি এসআই তোফায়েল আহমেদ তদন্ত করছেন। তবে কথিত ফেসবুক স্টেটাসটি সিআইডির বিশেষজ্ঞ দলের কাছে পাঠানো হয়েছে এর সত্যতা যাচাইযের জন্য। ফলাফল পেলেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, জমি নিয়ে বিরোধে ২০০২ সালে আবু জামানের বিরুদ্ধে প্রথম মামলা করেন প্রতিবেশি গিয়াস উদ্দিন। এরপর আবু জামানের বসতভিটা আত্মসাত করার জন্য তার বিরুদ্ধে নারী নির্যাতন, চুরি-ডাকাতি এবং অগ্নিসংযোগসহ আরো চারটি মামলা করা হয়। গিয়াস উদ্দিন মারা গেছেন। তার ছেলে মিজানুর রহমান শিকদার বর্তমানে কটিয়াদী এলাকায় বসবাস করেন। তিনি বাদী হয়ে গত বছরের ১৯ অক্টোবর আবু জামানের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (মামলা নং ১৯) করেছেন। মামলায় বলা হয়েছে, বিলপাড় গজারিয়া গ্রামের আলা উদ্দিনের ছেলে আল আমিন (২৫) নামে একজনের ফেসবুকে বাদীর মৃত বাবার বিরুদ্ধে আবু জামান নানারকম মানহানিকর বক্তব্য প্রচার করেছেন। মামলায় আল আমিনকে এক নম্বর আর আবু জামানকে দ্বিতীয় আসামী করা হয়েছে। অবশ্য মামলা দায়েরের ৫ মাসেও পুলিশ আদালতে কোন অভিযোগপত্র দেয়নি।
আসামি আবু জামান সাংবাদিকদের কাছে বলেন, প্রায় ২০ বছর ধরে জমি সংক্রান্ত বিরোধে মিজানুর রহমান শিকদারের পরিবার তাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে আসছে। অবশেষে মিথ্যা অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করা হয়েছে। এটি কি ধরনের মামলা, কোথায় এর আদালত, তাও তিনি জানেন না। বাদীর বাবার বিরুদ্ধে যেই আল আমিনের ফেইসবুকে কুৎসা রটানার কথা বলা হয়েছে, সেই আল আমিন বেল কাউকে তিনি চেনেন না বলে জানিয়েছেন। এই মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে বাঁচতে তিনি প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছেন।
মামলার বাদী মিজানুর রহমান শিকদার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তার বাবা মারা যাবার পর বাবার বরুদ্ধে আবু জামান এলাকার চায়ের দোকানসহ বিভিন্ন জায়গায় বসে মানহানিকর বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য এক নম্বর আসামী আল আমিন তার ফেইসবুকে পোস্ট করেন। এ জন্য তিনি দু’জনের নামে মামলা করেছেন।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন এ প্রতিনিধিকে বলেন, মামলাটি নিয়ে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। কৃষক আবু জামান স্মার্চফোন এবং ফেসবুক চালাতে না পারলেও তিনি আল আমিনের যোগসাজশে ফেসবুকে বাদীর বাবার বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন বলে উল্লেখ করায় আবু জামানকে আসামী করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এমনকি, যে ফেসবুক স্টেটাসের কথা বলা হয়েছে, সেটি সিআইডির বিশেষজ্ঞ দলের কাছে সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলে বাদীর বিরুদ্ধে উল্টো আইনী ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের ব্যবস্থা নেয়ার কথা ডিজিটাল নিরাপত্তা আইনেই উল্লেখ করা আছে বলে ওসি মন্তব্য করেছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জের সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি সিনিয়র আইনজীবী ও অপরাধ বিশেষজ্ঞ অ্যাডভোকেট অশোক সরকার বলেছেন, আজকাল অনেক রকম সাইবার ক্রাইম হচ্ছে। ফেসবুক ব্যবহার করে অনেক মেয়েকে আত্মহত্যার দিকেও ঠেলে দেয়া হচ্ছে। অনেকের বিরুদ্ধে চরম মানহানিকর প্রচারণাও চালানো হচ্ছে। ফলে ডিজিটাল যুগে এ ধরনের অপরাধ রোধ করতে হলে একটি যুগোপযোগি আইনের প্রয়োজন রয়েছে। কিন্তু এর অপব্যবহারও দেখা যাচ্ছে। অনেকে তার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এ ধরনের মামলা ঠুকে দিচ্ছে। একজন কৃষকের স্মার্টফোন নেই, তিনি ফেসবুক চালাতেই জানেন না। তাকে আসামী করার ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত ছিল। যাচাই বাছাই করা উচিত ছিল। যদি অন্য কেউ তার নাম ব্যবহার করে ফেসবুকে কুৎসা রটিয়ে থাকেন, বড়জোর তাকে আসামী করা যেতে পারে। কিন্তু একজন কৃষক যিনি সরাসরি এর সঙ্গে সম্পৃক্ত নন, তাকে এভাবে আসামী করার ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত বলে তিনি মনে করেন। তা না হলে এভাবে এই আইনের অপব্যবহার বাড়তে থাকবে বলে তিনি মন্তব্য করেছেন।
কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি ও মানবাধিকার কর্মি অ্যাডভোকেট মায়া ভৌমিকও অনুরোপ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, একজন নিরীহ কৃষককে এ ধরনের একটি মামলায় আসামী করার ক্ষেত্রে আরো ভালভাবে যাচাই করে নেয়া উচিত ছিল। এভাবে নির্বিচারে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হতে থাকলে এ আইনের সুফলের পরিবর্তে আইনটিকেই বিতর্কিত করে ফেলা হবে বলে তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *