কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠুভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষের সকল কর্মসূচি পালনের লক্ষ্যে মতবিনিময় সভা করেছেন। আজ ১৮ মার্চ বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জিপি অ্যাডভোকেট বিজয় শংকর রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট ক্ষিতিশ দেবনাথ, সাধারণ সম্পাদক প্রনব সরকার, সম্মিলিতি সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
পুলিশ সুপার বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের জাতীয় কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানগণ রাজধানীতে আসতে শুরু করেছেন। কাজেই কিশোরগঞ্জসহ দেশের কোথাও যেন কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে কেউ বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করতে না পারে, এ ব্যাপারে আইন শৃংখলা বাহিনী সচেষ্ট রয়েছে। তিনি বলেন, বিভিন্ন সময় একটি মহল স্বাভাবিক সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে নষ্ট করার চেষ্টা করে। একটি ফেসবুক স্টেটাসকে কেন্দ্র করে সুনামগঞ্জের সাল্লা এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় কুচক্রি মহল দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের অঘটন ঘটিয়েছে। কিশোরগঞ্জে যেন কেউ এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি করতে না পারে, তার জন্য তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বিভিন্ন মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, এখানকার ধর্মীয় নেতারাও সহনশীল। কাজেই কোন স্বার্থান্বেষী মহল যেন কোন নাশকতার পরিস্থিতি তৈরি করতে না পারে, এর জন্য ধর্মীয় নেতারাও সহযোগিতা করবেন বলে তিনি মন্তব্য করেছেন। এরপরও কোথাও যদি কোন নাশকতার আভাস বা তথ্য থাকে, সংশ্লিষ্ট থানা, এমনকি সরাসরি পুলিশ সুপারকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন। অন্যান্য নেতৃবৃন্দও যে কোন মূল্যে কিশোরগঞ্জের সম্প্রীতির পরিবেশ রক্ষায় পুলিশ সুপারকে সহায়তা করবেন বলে আশ্বস্ত করেছেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম হোসেন ও সদর থানার ওসি আবু বকর সিদ্দিকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।