কিশোরগঞ্জের কটিয়াদী ও ভৈরবে র্যাবের দু’টি পৃথক অভিযানে ৮ কেজি গাঁজা, ৪৫০ পিস ইয়াবা, দু’টি মোবাইল সেট ও নগদ ৪ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র্যাবের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে ১২ মার্চ শুক্রবার বেলা ১২টায় কটিয়াদী উপজেলার পূর্ব ধনকিপাড়া এলাকা থেকে ৪ কেজি গাঁজা, একটি মোবাইল সেট ও নগদ সাড়ে ৩ হাজার টাকাসহ ভৈরবের কমলপুর বাসস্ট্যান্ড এলাকার লতিফ মিয়ার ছেলে সোহেল মিয়াকে (২৫) আটক করেছে। আর শুক্রবার দুপুর আড়াইটার দিকে ভৈরবের আকবরনগর এলাকা থেকে ৪ কেজি গাঁজা, ৪৫০ পিস ইয়াবা, একটি মোবাইল সেট ও নগদ ৫শ’ টাকাসহ কুলিয়ারচরের ক্ষিদিরপুর এলাকার সাদেক মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৪) ও ভৈরবের রাজনগর এলাকার তাজুল দেওয়ানের ছেলে মামুন পারভেজকে (২২) আটক করেছে। এ ঘটনায় কটিয়াদী ও ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা দায়েরের করা হয়েছে।
র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী সোহেল মিয়া। – পূর্বকণ্ঠ