ভৈরবে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে ১০ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে এ কর্মশালার উদ্বোধন করেন ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
১০দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিম, জাইকা প্রতিনিধি দুর্গা রানী সাহা, প্রশিক্ষক মো. আবুল বাশার প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে কাজ করছে সরকার। বেকারত্ব দূর করতে নিজস্ব অর্থায়নে বিভিন্ন সংস্থার মাধ্যমে যুবক যুবতীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিচ্ছেন সরকার। যেখানে টাকা দিয়ে কাজ শিখতে হয় সেখানে জননেত্রী শেখ হাসিনা বেকারত্ব দূর করতে বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে বেকারদের। সারা বাংলাদেশে উদ্যোক্তা তৈরি করতে এ ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। মোবাইল মানুষের নিত্য প্রয়োজনীয় একটি যোগাযোগ মাধ্যম। বাংলাদেশে প্রায় ৬ কোটি মানুষের হাতে মোবাইল ফোন রয়েছে। মোবাইলে বিভিন্ন সময় নানা সমস্যার সৃষ্টি হয়, এর জন্য প্রয়োজন মেরামত ব্যবস্থা। তাই সরকার নিজ উদ্যোগে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার মাধ্যমে ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালযের মাধ্যমে ২০ জন যুবককে প্রশিক্ষকের মাধ্যমে মোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে ভৈরবে বিভিন্ন আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ধারবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।