• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে পাল্টা-পাল্টি মাহফিল বন্ধ করতে ১৪৪ ধারা জারী করেছে ইউএনও

কুলিয়ারচরে পাল্টা-পাল্টি
মাহফিল বন্ধ করতে ১৪৪
ধারা জারী করেছে ইউএনও

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের প্রতাপনাথ বাজারে একই স্থানে আহলে সুন্নাত ওয়াল জামাত ও ইমাম উলামা পরিষদের পাল্টা-পাল্টি মাহফিলের ডাক দেওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে প্রতাপনাথ বাজার ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারী করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী।
৮ মার্চ সোমবার উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর স্বাক্ষরিত ও সীলমোহর সম্বলিত একটি নোটিশে এই আদেশ জারী করা হয়।
সোমবার সন্ধ্যার পর প্রতাপনাথ বাজারে সরেজমিনে গিয়ে কথা হলে মো. চাঁন মিয়া, মামুন, মো. নূর জালাল ও মো. রিয়াজ উদ্দিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হতে ধর্ম বিষয়ক বিশেষ অবদানের জন্য সৈয়দ মুহাম্মদ সাইফুর রহমান নিজামী শাহ্ সাহেব “একুশে স্বর্ণপদক” পাওয়ায় পূর্ব নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ৮ মার্চ সোমবার বাদ মাগরিব হইতে মধ্যরাত পর্যন্ত প্রতাপনাথ বাজার প্রাঙ্গনে আহলে সুন্নাত ওয়াল জামাত ছয়সূতী ইউনিয়ন শাখা ও আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত এর যৌথ উদ্যোগে বিশাল গণসংবর্ধনা ও সালাতু-সালাম মাহফিলের আয়োজন করা হয়। যা গত প্রায় ১ বছর আগেই এই মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ছয়সূতী ইউনিয়ন ইমাম উলামা পরিষদ নামে একটি সংগঠন উক্ত মাহফিল বানচালের উদ্দেশ্য হঠাৎ একই স্থানে তারা ৭, ৮ ও ৯ মার্চ তিনদিন ব্যাপী আজিমুশ্মান তাফসিরুল কোরআন মাহফিলের ঘোষণা দিয়ে লিফলেট বিতরণ ও মাইকিং করতে থাকে। এর আগে গত ৬ মার্চ লাঠিসোঁটা নিয়ে ছয়সূতী বাসস্ট্যান্ডে মিছিল করে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি করে। যে ভিডিও ফেসবুকে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
প্রতাপনাথ বাজার ব্যবসায়ীসহ আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত মাহফিলের সভাপতি মামুনুর রশিদ অভিযোগ করে বলেন, আমরাতো এখানে নাচ-গান বা কোনো ইসলাম বিরোধী কাজের আয়োজন করিনি। তারপরও ছয়সূতী ইউনিয়ন ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে আমাদের মাহফিল বানচালের উদ্দেশ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে হঠাৎ লিফলেট ছাপিয়ে বিতরণ করে আমাদের পূর্ব নির্ধারিত স্থানে তিনদিন ব্যাপী ওয়াজ মাহফিল করার ঘোষণা দেন। তিনি বলেন, তারা যে মাহফিলের আয়োজন করে লিফলেট বিতরণ করেছে, সেখানে যে সকল অতিথির নাম দেওয়া হয়েছে তাদের অধিকাংশই এই মাহফিল সম্পর্কে কিছুই জানেন না, তাদের না বলেই লিফলেটে তাদের নাম ব্যবহার করা হয়েছে এবং তড়িগড়ি করে তারা যে লিফলেট বিতরণ করছে সেখানে বিসমিল্লাহ্ বা আল্লাহ রাসূলে নামও উল্লেখ করেনি। এতেই বুঝা যায়, এদের উদ্দেশ্য কেবল আমাদের মাহফিল বানচাল করা। ৮ মার্চ সোমবার দুপুরে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ ফোর্স নিয়ে প্রতাপনাথ বাজারে এসে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারীর একটি চিঠি টানিয়ে সবাইকে অবগত করে যান। এর পর বাজারে কিশোরগঞ্জ থেকে ৬ জন দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনার পর থেকে প্রতাপনাথ বাজারে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই বিষয়ে কিশোরগঞ্জ থেকে আসা দায়িত্বরত দাঙ্গা পুলিশের এসআই মো. ইলিয়াস জানান, এখানে বর্তমান পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং যেকোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে সেই জন্য আমরা অবস্থানসহ প্রস্তুত রয়েছি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী জানান, আমার নিকট প্রতিয়মান হয়েছে উক্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে এবং জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই জনস্বার্থে ১৪৪ ধারা জারী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *