• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে জ্বর-কাশির রোগী হাসপাতাল থেকে পালানোয় তোলপাড়

কিশোরগঞ্জে জ্বর-কাশির রোগী
হাসপাতাল থেকে পালানোয় তোলপাড়

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে জ্বর-কাশির রোগি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালানো নিয়ে তোলপাড় চলছে। তার কিডনি এবং ফুসফুসে সমস্যা ছিল। যে কারণে তার কাশি ও জ্বর হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবার করোনা ভাইরাস সংক্রমণেও জ্বর-কাশি হয়। যে কারণে তার মধ্যে করোনা ভাইরাসের লক্ষণও থাকতে পারে বলে অনেকে মনে করছেন।
তবে হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক জানিয়েছেন, ওই রোগী করোনা ভাইরাসে আক্রান্ত, একথা পরীক্ষা ছাড়া বলা উচিত হবে না। তিনি জানিয়েছেন, গতকাল রোববার সকালের দিকে হোসেনপুরের কামাল হোসেন নামে (৪০) এক রোগী হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখাতে আসেন। তার কিডনিতে সমস্যা রয়েছে, ডান ফুসফুসে পানি জমেছে। ফলে করেনা ভাইরাস ছাড়াও এ ধরনের সমস্যায় তার জ্বর এবং কাশি হতে পারে। তাকে ডা. হাফিজুর রহমান মাসুদ দেখছিলেন। কিন্তু তাকে ঠিকমত পরীক্ষা করার আগেই তিনি পালিয়েছেন। ফলে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, একথা পরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা যাবে না। এ ছাড়া ওই রোগী একমাস আগে সৌদি আরব থেকে এসেছেন। ফলে সেদেশ থেকে ভাইরাস নিয়ে এসে এতদিন পর সংক্রমিত হয়েছেন, একথাও বলা যাবে না। আবার ওই রোগী পালানোর পর তার সংস্পর্শে আসা তিনজন চিকিৎসক ও চারজন স্টাফকে একদিনের জন্য আলাদা করে রাখা হয়েছে। যে কক্ষে রোগীটিকে দেখা হয়েছিল, সেই কক্ষটি ভাইরাসনাশক গ্যাস দিয়ে পরিশুদ্ধ করা হয়েছে। ফলে একদিন পরই ওই তিন চিকিৎসক ও চারজন স্টাফ কাজে ফিরতে পারবেন বলে পরিচালক জানিয়েছেন।
এদিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, জ্বর-কাশি করোনা ভাইরাসের একটি উপসর্গ হলেও এটা হলেই কাউকে করোনা সংক্রমিত বলা যাবে না। তিনি সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেছেন। তারা ওই রোগীর সন্ধান না পাওয়া পর্যন্ত তার ব্যাপারে কোন স্থির সিদ্ধান্তে যেতে পারছেন না। তবে সিভিল সার্জন পুলিশ সুপার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে অনুরোধ জানিয়েছেন ওই রোগীর সন্ধান করার জন্য। হোসেনপুর উপজেলা স্বাস্থ্য বিভাগকেও তিনি জানিয়েছেন। রোগীকে পাওয়া গেলে তাকে পরীক্ষা করিয়ে তার রোগের প্রকৃত রহস্য জানা যাবে বলে সিভিল সার্জন মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *