ভৈরব পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে ভৈরব পৌরসভার নির্বাচনে অংশগ্রহণকারী সকল মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীগণের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. আশ্রাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট জেএম ইমরান, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহীন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, ভৈরব উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা।
আলোচনা সভায় আলোকচিত্রের মাধ্যমে আচরণবিধি লঙ্গনের নিয়ম তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে রঙ্গিন পোস্টার করা যাবে না, পোস্টার সাইজ হবে ৬০৪৫ সেন্টিমিটার, ডাবল মাইক ব্যবহার করা যাবে না, একটি মাত্র মাইক ব্যবহার করতে হবে, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করা যাবে, নির্বাচনী ক্যাম্প আয়তনে ৩৬ বর্গমিটার হতে হবে। জানা যায়, ভৈরবের নির্বাচনে ৪ জন ম্যাজিস্ট্রেট কাজ করবে। ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুর রহমান সাহেল, সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ভৈরবে শান্তিপূর্ণ ভাবে ইভিএম এর মাধ্যমে নির্বাচন হবে। ৪ জন ম্যাজিস্ট্রট ও আইনশৃঙ্খলা বাহিনী স্বতস্ফুর্তভাবে তাদের নিজ জায়গা থেকে কাজ করবে এবং প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করবে। সকল মেয়র ও কাউন্সিলরগণ যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করে সে আশা ব্যক্ত করেন। এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে ভোটাররা যেন ভোট প্রয়োগ করে সেজন্য কেন্দ্রে কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখার নির্দেশ দেন। ভৈরব পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু করতে বধ্য পরিকর থাকবেন বলে জানান তিনি।