করোনা পরিস্থিতির কারণে কিশোরগঞ্জে জুম পদ্ধতিতে অনুষ্ঠিত জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ঘোষণা দিয়েছেন, করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। টিকাদান কার্যক্রম এগিয়ে চলেছে। কাজেই পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলে আগামী মাসের সভাটি জুম পদ্ধতির পরিবর্তে সরাসরি অনুষ্ঠিত হবে। আর সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন বিশেষজ্ঞ মহল বলছে, এতদিন করোনার টিকার প্রথম ডোজ গ্রহণের ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু গবেষণা করে দেখা গেছে, টিকার প্রথম ডোজ নেয়ার ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেয়া যাবে। তাতে সংশ্লিষ্ট ব্যক্তি আরো ৪ সপ্তাহ বেশি টিকার কার্যকারিতার সুফল পাবেন। কিশোরগঞ্জসহ সারা দেশেই গত ৭ ফেব্রুয়ারি টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। তাদের নিবন্ধন কার্ডে ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ গ্রহণের নির্দেশনা লেখা হলেও কেউ এখনো দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি। কাজেই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অচিরেই দ্বিতীয় ডোজের নতুন সময়সীমা উল্লেখ করে মেসেজ দেয়া হবে। তিনি আরো বলেন, কিশোরগঞ্জে প্রাথমিকভাবে ৯৬ হাজার ডোজ টিকা এসেছে। সোমবার পর্যন্ত টিকার জন্য জেলায় মোট নিবন্ধন করেছেন ২৪ হাজার ১৮৩ জন, আর প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৪ হাজার ১১৭ জন। কারো কোন বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। সবাই সুস্থ আছেন। তবে কারো কোন সমস্যা হলে এর জন্য ওষুধ এবং বেড প্রস্তুত রাখা আছে। তবে এরকম কাউকে এখন পর্যন্ত চিকিৎসা দেবার প্রয়োজন হয়নি। তিনি বলেন, যে টিকাগুলো সরবরাহ করা হয়েছে, এগুলির একাংশের মেয়াদ আছে আগামী ১৬ এপ্রিল এবং একাংশের মেয়াদ আছে ২৪ এপ্রিল পর্যন্ত। কাজেই এর মধ্যেই ৯৬ হাজার ডোজ টিকা দেয়ার মত নিবন্ধন হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
জেলা ম্যজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদের সঞ্চালনায় আজ ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. বখতিয়ার উদ্দিন, জেল সুপার মো. বজলুর রশিদ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সমকাল সাংবাাদিক সাইফুল হক মোল্লা দুলু, জেলা চেম্বারের পরিচালক মো. খলিলুজ্জামান প্রমুখ।
জেলা প্রশাসক কিশোরগঞ্জে অনুষ্ঠিত ৬টি পৌরসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ছোটখাট কিছু ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতিও ছিল সন্তোষজনক। আগামী ২৮ ফেব্রুয়ারি ভৈরব পৌরসভার নির্বাচনও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, জেলায় আইন শৃংখলা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে। কোন কোন অপরাধে মামলার সংখ্যা আগের মাসের তুলনায় কমেছে। যেমন ডিসেম্বরে জেলায় খুনের মামলা হয়েছিল ৬টি, আর জানুয়ারিতে হয়েছে মাত্র একটি। প্রতিটি থানায় একটি নারী-শিশু ডেস্ক করা হচ্ছে। এর দায়িত্বে থাকবে নারী পুলিশ। এতে বেশ সাড়াও পাওয়া যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।
জেল সুপার মো. বজলুর রশিদ গত ৯ ফেব্রুয়ারি কারাগারের ১১ নম্বর সেলে একজন বন্দির হাতে আরেক বন্দির খুনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, দরজা-জানালা গর্জন বা গামারি কাঠ দিয়ে তৈরির ওয়ার্ক ওয়ার্ডার থাকলেও গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নির্মিত দরজা-জানালায় ব্যবহার করা হয়েছে প্লাইউড। আর অখণ্ড কাঠ ব্যবহার করার কথা থাকলেও খণ্ড খণ্ড কাঠ ব্যবহার করা হয়েছে। তারকাঁটা দেয়া হয়েছে ছোট আকারের। যে কারণে সহজেই দরজার কাঠ খুলে দুঃখজনক হামলার ঘটনাটি ঘটাতে পেরেছে।