ভৈরবে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’র আয়োজনে ও উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে এই প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরেন পপি’র ডেপুটি ডিরেক্টর খলিলুর রহমান। এই সময় তিনি বলেন, ত্রিশ লক্ষ শিক্ষার্থী স্কুলের বাহিরে রয়েছে। প্রত্যন্ত গ্রামগঞ্জে যে সকল শিক্ষার্থী আর্থিক অস্বচ্ছলতা ও দারিদ্রতার কারণে প্রাথমিক শিক্ষা থেকে বাহিরে রয়েছে ওই সকল শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার আওতায় আনতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম এই প্রকল্পটি কাজ করবে। এই প্রকল্পটির মাধ্যমে দশ লক্ষ শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার আওতায় আনা হবে। কিশোরগঞ্জ জেলার মধ্যে ভৈরবসহ মোট ৯টি উপজেলাকে এই প্রকল্পের মধ্যে আনা হয়েছে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ও সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করবে এমন দুই হাজার একশ শিশু যাদের বয়স ৮-১৪ তাদের জরিপ করে এই শিক্ষা কার্যক্রমে প্রকল্পে নেয়া হবে। এছাড়া যেসকল শিক্ষার্থীরা ক্লাসে ৮০% উপস্থিতি থাকবে ও পরীক্ষায় পাশ নম্বর পাবে ওই সকল শিক্ষার্থীদের জনপ্রতি ১২০ টাকা করে উপবৃত্তি প্রদান করা হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, যারা পঞ্চম শ্রেণি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশ করে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার পর সামনে আর পড়ালেখা করতে ইচ্ছুক না এমন শিক্ষার্থীদের আমাদের প্রকল্পে মাধ্যমে হাতের কাজের বিভিন্ন ট্রেনিং দেয়া হবে।
এই সময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, এই প্রকল্পটি যে উদ্যোগ নিয়েছে তা আসলে ভালো একটি কাজ এবং প্রশংসনীয়। আমি এই কাজে তাদের সবোর্চ্চ সাহায্য ও সহযোগীতা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আল মামুন ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পপি’র উপজেলা প্রোগ্রামার ম্যানেজার সোহরাব হোসেন।