• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের ভাসমান সবজি বাগান পরিদর্শন

কিশোরগঞ্জে ভাসমান পদ্ধতিতে সবজি ও মসলা জাতীয় ফসল আবাদ নিয়ে একটি কৃষক প্রশিক্ষণ কর্মশালা ও মাঠদিবস কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম। - পূর্বকণ্ঠ

কৃষি গবেষণা ইনস্টিটিউটের
মহাপরিচালকের ভাসমান
সবজি বাগান পরিদর্শন

# মোস্তফা কামাল :-

গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম অন্যান্য কৃষি বিজ্ঞানিদের নিয়ে কিশোরগঞ্জে ভাসমান সবজি বাগান পরিদর্শন করেছেন। এরপর তিনি ভাসমান পদ্ধতিতে সবজি ও মসলা জাতীয় ফসল আবাদ নিয়ে একটি কৃষক প্রশিক্ষণ কর্মশালা ও মাঠদিবস কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কিশোরগঞ্জের কৃষি গবেষণা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিনের তত্ত্বাবধানে শহরের নরসুন্দা নদীতে বেশ কয়েকটি ভাসমান বেড বানিয়ে তাতে কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো, মরিচ, পেঁয়াজ, সূর্যমুখি ও গাঁদা ফুলের আবাদ করা হয়েছে। বিভিন্ন রকম শাকেরও আবাদ করা হয়েছে। প্রতিটি বাগানে ভাল ফলনও হয়েছে। আজ ১৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম, পরিকল্পনা ও মূল্যায়ন উইংয়ের পরিচালক ড. মো. কামরুল হাসান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আক্কাস আলী, মো. রফিউদ্দিন, ভাসমান সবজি চাষ প্রকল্পের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, ড. মঞ্জুরুল কাদির, ড. সামছুর রহমান, ড. আলিমুর রহমান প্রমুখ এসব ভাসমান বাগান পরিদর্শন করেন।কিশোরগঞ্জে ভাসমান বাগানের টমেটো তুলছেন বারির ডিজি ড. নাজিরুল ইসলাম। – পূর্বকণ্ঠ
পরবর্তীতে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের উদ্যোগে একটি কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বারির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আক্কাস আলীর সভাপতিত্বে ও উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামসহ অন্যান্য কৃষি বিজ্ঞানীগণ ভাসমান সবজি বাগানের উপকারিতা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে বরিশাল অঞ্চলে দু’শ বছরের বেশি সময় ধরে ভাসমান পদ্ধতিতে চাষাবাদের চর্চার ঐতিহ্য রয়েছে। কিন্তু গত তিন বছর ধরে দেশের অন্যান্য অঞ্চলেও ব্যাপকভাবে ভাসমান কৃষির চর্চা চলছে। ৪৫ বছরে মানুষ বেড়ে আড়াইগুণ হয়েছে। জমি বাড়েনি, বরং কমছে। কাজেই আগামী দিনের বর্ধিষ্ণু জনগোষ্ঠীর চাহিদা পূরণ করতে হলে আবাদ বাড়াতে হবে। এর জন্য ভাসমান পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া ভাসমান বেডে রাসায়নিক সারের প্রয়োজন হয় না। কীটনাশন প্রয়োগ করতে হয় না বললেই চলে। ফলে ভাসমান বেডের শাকসবজি অনেক বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। বক্তাগণ উপস্থিত কৃষকদেরকে এই প্রযুক্তি গ্রহণ করে দেশের খাদ্য চাহিদা পূরণসহ নিজেদের আর্থিক স্বচ্ছলতা অর্জনের আহবান জানিয়েছেন। স্থানীয় বহু কৃষক ইতোমধ্যে ভাসমান পদ্ধতিতে চাষাবাদ করে সুফল পেতে শুরু করেছেন বলে কয়েকজন কৃষক কর্মশালায় জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *