কিশোরগঞ্জের তিন পৌরসভা হোসেনপুর, বাজিতপুর ও করিমগঞ্জ পৌরসভায় আজ ১৪ ফ্রেব্রুয়ারি রোববার ভোটগ্রহণ হয়েছে। হোসেনপুরে একজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরের পক্ষে পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালবাসা দিবসের সদ্ব্যবহার করে ভোটারদের লাল গোলাপ উপহার দিয়ে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মিলে সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান মহিলা কাউন্সিলর মোছা. চাম্পা বেগমের পক্ষে তার নারী সমর্থকরা বসন্তের সাজে সেজে হাতে লাল গোলাপ নিয়ে হোসেনপুর মহিলা কলেজ কেন্দ্রের সামনের রাস্তায় অপেক্ষমান ছিলেন। ভোটাররা আসলেই ছুটে গিয়ে তাদের দিকে লাল টুকটুকে গোলাপ এগিয়ে দিচ্ছেন। একটি গোলাপ উপহার দিয়ে চাম্পার পক্ষে ভোট প্রার্থনা করেছেন। ভোটাররাও চমকিত হয়ে গোলাপ নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছেন। চাম্পা বেগমের ছোটভাই শওকত আজিজ জানান, তার বোন গত নির্বাচনেও আঙুর প্রতীকে নির্বাচন করে বিপুল ভোটে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এবার তার প্রতীক অটোরিকশা। তার দাবি, চাম্পা বেগম এবারও বিপুল ভোটে নির্বাচিত হবেন।