কিশোরগঞ্জের কুলিয়ারচরে একাধিকবার এক কৃষকের সেচ পাম্প চুরি ও সেচ ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ফরিদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র কৃষক মো. জয়নাল আবেদীন (৫৮) অভিযোগ করে বলেন, এক শ্রেণির মাদকাসক্ত যুবক দীর্ঘদিন যাবৎ ধরে তাদের সেচ প্রকল্পের ঘরে অবৈধ কর্মকাণ্ডসহ মাদক সেবন করে আসায় তাদের বাঁধা নিষেধ দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিহিংসাবসত গত ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোন সময় তাদের সেচ প্রকল্প থেকে সেচ পাম্পটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতেই ক্ষ্যান্ত হয়নি তারা সেচ পাম্প ঘরে আগুন ধরিয়ে দেয় এবং জয়নাল আবেদীনের জমিতে রোপিত বোরো ধানের চারা তুলে নষ্ট করাসহ কলাগাছ কেটে ফেলে তারা। এর আগে গত ২ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই সেচ প্রকল্প থেকে সেচ পাম্প চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় জয়নাল আবেদীন বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরী করে পুনরায় উক্ত স্থানে নতুন করে সেচ পাম্প স্থাপন করার পর গত বৃহস্পতিবার পুনরায় পাম্পটি চুরি হয়। এতে করে কৃষকদের জমিতে সেচ দেওয়া বন্ধ হয়ে যায়। এর ফলে আবাদি জমির ব্যাপক ক্ষতি হওয়ার মুখে পরে। এসব মাদকাসক্তদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায়না। তাদের নাম জানা থাকলেও জয়নাল আবেদীন তাদের নাম বলতে সাহস পাননি। কারণ প্রতিনিয়ত তাদের হুমকি ধুমকির ভয়ে তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। এলাকার কিছু বিকৃত মস্তিষ্কের মানুষের কাছে নির্যাতিত হচ্ছে তারা। এ ব্যাপারে মো. জয়নাল আবেদীন বাদী হয়ে ১২ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।